মিলিটারি একাডেমিতে রাষ্ট্রপতি কুচকাওয়াজ অনুষ্ঠিত

আপডেট : ২৬ জুন ২০১৪, ২১:৫৯
বাংলাদেশ মিলিটারি একাডেমির ৭০তম দীর্ঘমেয়াদি ও ৪১তম স্পেশাল কোর্সের জেন্টেলম্যান ও জেন্টেলউইম্যান ক্যাডেটদের কমিশনপ্রাপ্তি উপলক্ষে আয়োজিত কুচকাওয়াজ অনুষ্ঠান বুধবার চট্টগ্রামের ভাটিয়ারিস্থ বাংলাদেশ মিলিটারি একাডেমিতে অনুষ্ঠিত হয়। বাংলাদেশ সেনাবাহিনী প্রধান জেনারেল ইকবাল করিম ভুঁইয়া পিএসসি অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত থেকে কুচকাওয়াজ পরিদর্শন ও মার্চ পাস্টের অভিবাদন গ্রহণ করেন। পরে তিনি ক্যাডেটদের মধ্যে পুরস্কার বিতরণ করেন। কোম্পানি সিনিয়র আন্ডার অফিসার মোঃ কামরুল ইসলাম ৭০তম বিএমএ দীর্ঘমেয়াদি কোর্সে সেরা চৌকস ক্যাডেট বিবেচিত হন এবং ‘সোর্ড অব অনার’ লাভ করেন। অন্যদিকে সামরিক বিষয়ে অনন্য কৃতিত্বের জন্য ব্যাটালিয়ন সিনিয়র আন্ডার অফিসার সাব্বির আহমেদ ‘সেনাবাহিনী প্রধানের স্বর্ণপদক’ লাভ করেন। এদিকে, বিভিন্ন আন্তঃকোম্পানি প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন হওয়ায় বীরশ্রেষ্ঠ মোস্তাফা কোম্পানিকে গ্রীষ্মকালীন টার্মের জন্য ‘বিএমএ পতাকা’ প্রদান করা হয়। পরে ক্যাডেটরা আনুষ্ঠানিক শপথ গ্রহণ করেন এবং পিতা-মাতা ও অভিভাবকরা নবীন অফিসারদের র্যাংক-ব্যাজ পরিয়ে দেন। এ কুচকাওয়াজের মাধ্যমে মোট ৯০ জন ক্যাডেট বাংলাদেশ সেনাবাহিনীতে কমিশন লাভ করেন। অন্যান্যের মাঝে উচ্চপদস্থ সামরিক বেসামরিক কর্মকর্তাবৃন্দ এবং ঢাকাস্থ বিভিন্ন বৈদেশিক মিশনের সামরিক উপদেষ্টারা কুচকাওয়াজ প্রত্যক্ষ করেন।—আইএসপিআর