‘অনাকাঙ্ক্ষিত’ ঘটনায় দুঃখ প্রকাশ
মতিঝিলে অবস্থিত বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের সেলস কাউন্টারে ঘুষ সিন্ডিকেটের দৌরাত্ম্যে বিমানের যাত্রী সেবার মান ভেঙ্গে পড়েছে। টিকিট জিম্মি করে অতিরিক্ত টাকা গ্রহণ, বুকিং এবং টিকেট কনফার্ম করার জন্য বেপরোয়াভাবে ঘুষ নিয়ে আসছিল সেলস কাউন্টারের এক শ্রেণির কর্মকর্তা-কর্মচারীদের এই সিন্ডিকেট। এমনকি ঘুষের দাবিতে গ্রাহকদের মারপিটের ঘটনাও ঘটিয়েছে এ চক্র। সম্প্রতি টিকিটের নিশ্চয়তা দিতে ৫ হাজার টাকা ঘুষ চাওয়া নিয়ে মতিঝিল বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের সেলস কাউন্টারে ঘটে গেছে অপ্রীতিকর ঘটনা। এ ঘটনার জন্য শেষ পর্যন্ত দুঃখ প্রকাশ করে নিঃশর্ত ক্ষমা প্রার্থনা করেছে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স কর্তৃপক্ষ। বৃহস্পতিবার বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের এক প্রেস বিজ্ঞপ্তিতে গ্রাহকদের কাছে ক্ষমা প্রার্থনা করেন।
প্রসঙ্গত, গত ২৪ জুন মতিঝিল বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের সেলস কাউন্টারে এক টিকিট ক্রেতার কাছে টিকিটের নিশ্চয়তা দিতে ৫ হাজার টাকা ঘুষ চাওয়া হয়। কিন্তু টিকিট বুকিং দাতা রুবি হক এই ঘুষের প্রতিবাদ করেন। এ নিয়ে টিকিট কাউন্টারে কথা কাটাকাটি হয়। এক পর্যায়ে কাউন্টারের এক ব্যক্তি তার চেয়ার তুলে রুবি হকের দিকে ছুঁড়ে মারেন। এতে তার মাথা ফেটে যায়। তাকে ভর্তি করা হয় ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে। এ ঘটনায় পুলিশ বিমান বাংলাদেশের জুনিয়র কমার্শিয়াল অফিসার কবীর হোসেন ও হাফিজুর রহমানকে গ্রেফতার করেছে। যদিও টিকিটের নিশ্চয়তা নিতে ঘুষ চাওয়ার এমন ঘটনা সেখানে অহরহ ঘটছে বলে অভিযোগ পাওয়া গেছে।
