‘দ্য গ্রেটেস্ট শো অন আর্থ’ — এক কথায় এভাবেই প্রকাশ করা যেতে পারে ফুটবলকে। সেই খেলাটির যখন বিশ্বকাপ অনুষ্ঠিত হচ্ছে তখন তার নেশাও অনেক বেশি। গোটা বিশ্বই এখন বিশ্বকাপ নেশায় বুঁদ হয়ে আছে।
সাধারণ মানুষ তো বটেই বিশ্বকাপের আমেজ ছুঁয়ে গেছে বিশ্বের অন্যতম ক্ষমতাধর ব্যক্তি বারাক ওবামাকেও। যুক্তরাষ্ট্রের রাষ্ট্রপতিও ভুগছেন বিশ্বকাপ জ্বরে। আর নিজের দেশের দারুণ পারফরম্যান্স বিশ্বকাপের প্রতি তার আগ্রহ আরও বেশ খানিকটা বাড়িয়ে দিয়েছে।
গত বৃহস্পতিবার রাতে জার্মানির বিপক্ষে মুখোমুখি হয় যুক্তরাষ্ট্র। সেই সময়টাতে ব্যক্তিগত বিমানে করে যুক্তরাষ্ট্রের ম্যারিল্যান্ড থেকে মিনোসোটায় যাচ্ছিলেন ওবামা। কিন্তু ‘জি’গ্রুপের ম্যাচটি এর পরও দেখার কথা ভুলে যাননি তিনি। বিমানে বসেই দেখেছেন সরাসরি সম্প্রচারকৃত এই ম্যাচ।
যদিও শেষ পর্যন্ত ম্যাচ দেখে হতাশই হওয়ার কথা যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্টের। টমাস মুলারের একমাত্র গোলে যুক্তরাষ্ট্র যে হেরেই গেল। তারপরও দ্বিতীয় রাউন্ডের টিকেট ঠিকই পেয়ে গেঠে ইউর্গেন ক্লিন্সম্যানের দল। এই নিয়ে টানা দ্বিতীয়বারের মত বিশ্বকাপের দ্বিতীয় রাউন্ডে উঠলো যুক্তরাষ্ট্র। চার বছর আগে দক্ষিণ আফ্রিকাতেও শেষ ষোলতে পৌঁছে গিয়েছিল দলটি।
দলের পারফরম্যান্সে গোটা দেশই এখন উচ্ছ্বাসে মাতোয়ারা। দ্বিতীয় পর্ব নিশ্চিত হবার পর শিকাগোর রাস্তায় নেমে এসেছিলেন প্রায় ১৫ হাজার সমর্থক। বিশ্বকাপের কারণে দেশটির কাজের সময়ের মধ্যেও আসতে পারে পরিবর্তন। সম্প্রতি দলের কোচ ও সাবেক জার্মান তারকা ক্লিন্সম্যান নিউইয়র্কের গভর্নর অ্যান্ড্রু কুয়োমোর কাছে এক চিঠি পাঠিয়েছেন। সেখানে খেলা দেখার জন্য সাধারণ মানুষের মধ্যাহ্ন ভোজনের বিরতির সময় বাড়ানোর জন্য অনুরোধ করা হয়। গভর্নরও সেই অনুরোধ মেনে নেন।
সেই ভালবাসা থেকেই কি না এমন পারফরম্যান্স দেখালো যুক্তরাষ্ট্র!
