মাত্রাতিরিক্ত টিভি দেখলে হতে পারে অকাল মৃত্যু
দৈনিক তিনঘণ্টা বা তারও বেশি সময় টিভি দেখা অকাল মৃত্যু ডেকে আনতে পারে বলেই জানাচ্ছেন গবেষকরা। তারা বলছেন, যারা দৈনিক তিনঘণ্টার কম সময় টিভি দেখেন তাদের তুলনায় তিনঘণ্টা বা তার চেয়ে বেশি সময় ধরে টিভি দেখা মানুষদের অকালে মারা যাওয়ার আশঙ্কা দ্বিগুণ বেশি। ‘আমেরিকান হার্ট অ্যাসোসিয়েশন’-এর গবেষকরা স্প্যানিশ বিশ্ববিদ্যালয়ের ১৩ হাজার শিক্ষার্থীর ওপর গবেষণা চালিয়ে এ সিদ্ধান্তে পৌঁছেছেন। গবেষকরা টিভি দেখা, কম্পিউটারে বিভিন্ন কাজ করা এবং গাড়ি চালানো, এই তিন ধরনের কাজ ও এর সঙ্গে অকাল মৃত্যুর হারের তুলনা করেছেন। তবে কম্পিউটারের সামনে সময় দেয়া কিংবা গাড়ি চালানোর সঙ্গে অকালে মারা যাওয়ার ঝুঁকির কোন যোগ দেখতে পাননি গবেষকরা। —সিনহুয়া
আবারও হুমকির মুখে তিমি!
বিরল, লুপ্তপ্রায় প্রাণীদের সংরক্ষণে অনেক নিয়ম-কানুন রয়েছে। কিন্তু তিমি সেই তালিকা থেকে বাদ পড়ার উপক্রম হয়েছে। তাই আলাস্কার হাম্পব্যাক তিমির ভবিষ্যত্ নিয়ে দুশ্চিন্তা দেখা দিয়েছে। বিষয়টা নিয়ে খুবই চিন্তিত বিশেষজ্ঞরা। দীর্ঘ প্রায় চার দশক ধরে লুপ্তপ্রায় প্রাণীদের তালিকায় ছিল হাম্পব্যাক তিমি। ফলে তাদের অস্তিত্ব নিয়ে আর ভাবতে হয়নি। তবে এগুলোর সংখ্যা বেড়ে যাওয়ায় শিকারের উপর আর কোন বিধিনিষেধ থাকা উচিত নয় বলে যুক্তি দেখাচ্ছে আলাস্কার প্রশাসন। তালিকা থেকে ঐ তিমিকে সরাতে তারা দ্বারস্থ হচ্ছে ফেডারেল কর্তৃপক্ষের কাছে। জাতীয় সামুদ্রিক ও বায়ুমণ্ডলীয় সংস্থা এনওএএ এক প্রাথমিক বিবৃতিতে এই যুক্তি স্বীকারও করেছে। —রয়টার্স
জাপানে বৃদ্ধদের নতুন দল
জাপানে সত্তরোর্ধ্ব বৃদ্ধরা ‘নেক্সট জেনারেশন পার্টি’ নামে নতুন একটি রাজনৈতিক দল গঠন করেছেন। আগামী প্রজন্মকে নেতৃত্ব দেয়ার লক্ষ্যে নতুন এ পার্টি গঠন করা হয়েছে। অশীতিপর রাজনীতিবিদ শিনতারো ইশিহারা ও তার অনুগত সত্তরোর্ধ্ব বৃদ্ধরা মিলে গড়ে তুলেছেন নতুন এ পার্টি। ইশিহারার বয়স ৮১ বছর। তিনি এর আগে চারবার টোকিওর গভর্নর ছিলেন। এছাড়াও তিনি জাপান রেস্টোরেশন পার্টির যৌথ নেতৃত্বে ছিলেন। তবে সহযোগী অপর নেতার সঙ্গে সম্পর্কের অবনতি হওয়ায় তিনি দল ছেড়ে দিয়ে নতুন পার্টি গঠন করলেন। নতুন দলের নাম প্রকাশের লক্ষ্যে আয়োজিত সংবাদ সম্মেলনে ইশিহারা বলেন, ‘তরুণরা এখন যে পরিস্থিতির সম্মুখীন হচ্ছে তা আমাদের অর্জিত অভিজ্ঞতা থেকে ভিন্ন।’ তিনি বলেন, ‘আগামী প্রজন্মের লোকজনকে পথ দেখানো আমাদের দায়িত্ব। নতুন এ দলে প্রায় ২০ জনের মত আইনপ্রণেতা রয়েছেন’। —এএফপি
