দায়িত্ব বাড়ছে মেসির

আপডেট : ২৭ জুন ২০১৪, ২১:২২
‘মেসিকে সাথে পাওয়া সত্যি সৌভাগ্যের ব্যাপার। ও বিশ্বের সেরা খেলোয়াড়। কিন্তু আমরা কোন ভাবেই কেবল ওর উপর নির্ভর করছি না।’ — আর্জেন্টাইন মিডফিল্ডার ফার্নান্দো গ্যাগো যতই বলুন না কেন মেসির উপর নির্ভর করছে না আর্জেন্টিনা, সেটা কেবল মুখের কথাতেই সীমাবদ্ধ। বরং সার্জিও অ্যাগুয়েরোর ইনজুরির পর আরও বেশি ‘মেসি-নির্ভর’ হতে যাচ্ছে আর্জেন্টিনা। গত বুধবার ‘এফ’ গ্রুপে নাইজেরিয়ার বিপক্ষে গ্রুপ পর্যায়ের শেষ ম্যাচে মাংস পেশীর ব্যথা নিয়ে মাঠ ছাড়েন ম্যানচেস্টার সিটির স্ট্রাইকার সার্জিও অ্যাগুয়েরো। ৩-২ ব্যবধানে জয়ের ম্যাচের পর বাকি বিশ্বকাপ খেলাটা এখন অনেকটাই অনিশ্চিত হয়ে পড়েছেন এই তারকার জন্য। অন্তত পক্ষে আগামী ১ জুলাই সুইজারল্যান্ডের বিপক্ষে শেষ ষোল’র ম্যাচে তার না খেলাটা অনেকটাই নিশ্চিত। দলের ডাক্তার ড্যানিয়েল মার্টিনেজ সাংবাদিকদের বলেন, ‘আমাদের পক্ষে যা কিছু করা সম্ভব তার সব কিছুই আমরা করছি। ওকে সারিয়ে তোলার সর্বোচ্চ চেষ্টাটাই করে যাচ্ছি আমরা। তবে, এটাও সত্যি যে খুব দ্রুত ও সেরে উঠবে না। কিছু সময় দিতে হবে। অন্তত, সুইজারল্যান্ডের বিপক্ষে ম্যাচটা ও মিস করতে যাচ্ছে।’ ২৬ বছর বয়সী অ্যাগুয়েরো গত বৃহস্পতিবারই ব্রাজিলে কিছু ডাক্তারি পরীক্ষা করিয়েছেন বলে জানিয়েছে আর্জেন্টাইন পত্রিকা ক্লারিন। নাইজেরিয়ার বিপক্ষে ৩৮ মিনিটে তার পরিবর্তে মাঠে নামেন প্যারিস সেইন্ট জার্মেইনের স্ট্রাইকার এজেকুয়েল লাভেজ্জি। সুইজারল্যান্ডের বিপক্ষে ম্যাচেও তার উপরই ভরসা রাখতে পারেন কোচ আলেসান্দ্রো সাবেলা। সাথে রড্রিগো প্যালাসিওকেও সুযোগ দেয়া হতে পারে। এই প্রসঙ্গে তিনি বলেন, ‘অ্যাগুয়েরোর মত একই ধরনের খেলে এরকম আরও কয়েকজন স্ট্রাইকার আমাদের আছে। যেমন, লাভেজ্জি, চাপ নেয়ার সাথে সাথে বড় একটা জায়গা জুড়ে ও খেলতে পারে।’ লাভেজ্জি থাকলেও বড় চাপটা নিতে হবে মেসিকে। সাবেলা সেটা মুখে না বললেও ব্যাপারটা সহজেই অনুমান করে নেয়া যায়। বৃহস্পতিবার বেলো হরিজন্তের বেস ক্যাম্পে তিনি ছিলেন নির্ভার। হালকা রানিং, স্ট্রেচিং করলেও সতীর্থদের সাথে মজা করেই কাটিয়েছেন বেশিরভাগ সময়। এদিকে আর্জেন্টিনার বিপক্ষে আগামী মঙ্গলবারের ম্যাচে সুইসদের আত্মবিশ্বাসী হওয়ার মন্ত্রের কথাও জানান হিটজেফেল্ড। এই প্রসঙ্গে তিনি বলেন, ‘আমাদের জন্য এই ম্যাচে হারানোর কিছু নেই। কিন্তু পাওয়ার আছে অনেক কিছু। সঠিক ইতি টানতে হবে আমাদের এবং আরো উন্নতি করতে হবে। আর্জেন্টিনার বিপক্ষেও আমাদের সুযোগ আছে।’ আপাতত অবশ্য খেলোয়াড়দের পর্যাপ্ত বিশ্রাম দেয়ার কথা ভাবছেন হিটজেফেল্ড। বুধবার মানাউসের ‘কন্ডিশন’ তাদের ব্যাপক ভুগিয়েছে বলে দাবি করেন তিনি। আগামী ম্যাচে ইতিহাস গড়ার লক্ষ্যের কথাই জানিয়েছেন তিনি, ‘দ্বিতীয় রাউন্ডে ওঠাটা আমাদের জন্য দারুণ এক অনুপ্রেরণা। ইতিহাস গড়তে যাচ্ছি আমরা।’