৩২টি দল নিয়ে শুরু হয়েছিল লড়াই। সংখ্যা কমে এসেছে ১৬ তে। দুর্বল দলগুলোর ঝরে পড়ার সাথে সাথে অনেকগুলো আপসেটও দেখেছে বিশ্বকাপ। বর্তমান চ্যাম্পিয়ন স্পেন, চার বারের বিশ্বকাপ জয়ী ইতালি, একবারের বিশ্বকাপ জয়ী ইংল্যান্ড বিদায় নিয়েছে। সর্বশেষ ক্রিস্টিয়ানো রোনালদোর পর্তুগালও দ্বিতীয় রাউন্ডের আগেই চলে গেল ব্রাজিল ছেড়ে।
বেশ কয়েকটি বড় দলের বিদায়ে বিশ্বকাপ কিছুটা রং হারালেও, বাকি দলগুলোও কিন্তু কম যায় না। আর্জেন্টিনা, ব্রাজিল, জার্মানির মত দলগুলো বেশ প্রতাপের সাথেই টিকে আছে। চারটি করে গোল করে এখন পর্যন্ত বিশ্বকাপের সর্বোচ্চ গোল দেয়া তিন জন খেলোয়াড়ও আছেন এই তিন দলেই। তারা হলেন — লিওনেল মেসি, নেইমার, টমাস মুলার। রবিন ফন পার্সি ও আরিয়েন রোবেনের নেদারল্যান্ডের দিকেও নজর রাখতে হবে।
শেষ ষোলর লড়াই শুরু হচ্ছে আজ। ব্রাজিল ও চিলির খেলা দিয়ে আজ শনিবার পর্দা উঠছে বিশ্বকাপের নকআউট রাউন্ডের। বাংলাদেশ সময় রাত ১০টা ও ২টায় প্রতিদিন দুটি করে খেলা অনুষ্ঠিত হবে। ১ জুলাই এ রাউন্ডের খেলা শেষ হবে। এরপর ৪ জুলাই শুরু হবে কোয়ার্টার ফাইনালের খেলাগুলো।
সর্বোচ্চ গোল দাতা
লিওনেল মেসি (আর্জেন্টিনা)
নেইমার (ব্রাজিল)
টমাস মুলার (জার্মানি)
