সতীর্থদের সতর্ক থাকতে বললেন ডাচ অধিনায়ক

আপডেট : ২৭ জুন ২০১৪, ২১:৩২
নেদারল্যান্সের অধিনায়ক রবিন ফন পার্সি বিশ্বকাপের জয়যাত্রাকে নকআউট পর্বেও ধরে রাখতে সতীর্থদের কোনো ধরনের ভুল না করার আহবান জানিয়েছেন। তিন খেলায় পুরো ৯ পয়েন্ট নিয়ে ‘বি’ গ্রুপ চ্যাম্পিয়ন হিসেবে শেষ ষোলয় খেলছে ডাচরা। এ দাপট অব্যাহত রাখতে চান ফন পার্সি। শেষ ষোলয় গেলবারের রানার্স-আপরা মুখোমুখি হবে মেক্সিকোর সঙ্গে। মধ্য আমেরিকার দেশটি সাত পয়েন্ট নিয়ে ‘এ’ গ্রুপের দ্বিতীয় দল হিসেবে নক-আউট পর্ব নিশ্চিত করেছে। ডাচ অধিনায়ক এ প্রসঙ্গে টাইমস অব ইন্ডিয়াকে পার্সি বলেন, ‘আমরা গ্রুপ পর্বে দারুণ খেলেছি এবং এখনো অপরাজিত রয়েছি। এটা নক-আউট পর্ব। এই পর্বে তাদের (মেক্সিকো) বিপক্ষে অনেক সতর্ক থাকতে হবে আমাদের। গ্রুপ পর্বে স্বাগতিকরাও তাদের বিপক্ষে কোনো গোল করতে পারেনি। এর মধ্যদিয়েই তাদের সক্ষমতার পরিচয় পাওয়া গেছে। তাছাড়া এখানকার পরিবেশও তাদের কাছে চেনা-জানা। তাদের বিপক্ষে আমাদের অবশ্যই সচেতন থাকতে হবে। সকল পরিস্থিতির জন্য আমাদের সর্বোচ্চ প্রস্তুতি গ্রহণ করতে হবে।’ বর্তমান চ্যাম্পিয়ন স্পেনকে ৫-১ গোলে হারিয়ে ব্রাজিল বিশ্বকাপে শুভসূচনা করে নেদারল্যান্ডস। অস্ট্রেলিয়া এবং চিলির বিপক্ষেও সহজ জয় পায় তারা। গ্রুপ পর্বে দলের এমন দুর্দান্ত পারফরম্যান্সে খুশি পার্সি, ‘প্রথম পর্বে আমরা যে পারফরম্যান্স দেখিয়েছি সত্যি তাতে আমি খুশি। আমরা তিনটি লড়াইয়েই প্রতিপক্ষকে হারিয়েছি।’