রেফারিকে নিয়ে চিন্তিত সানচেজ

আপডেট : ২৭ জুন ২০১৪, ২১:৩২
চিলির ফরোয়ার্ড অ্যালেক্সিস সানচেজ বিশ্বকাপের শেষ ষোলয় ব্রাজিলের বিরুদ্ধে আজকের খেলাটির প্রাক্কালে রেফারির ভূমিকা নিয়ে চিন্তিত বলে দাবি করেছেন। এর মধ্য দিয়ে দক্ষিণ আমেরিকার দুই পড়শির মধ্যকার খেলাটির প্রাক্কালে আবারো রেফারিং নিয়ে বিতর্ক দেখা দিল। বার্সেলোনার এই ফরোয়ার্ড খেলাটিতে তার ইউরোপীয় ক্লাব সঙ্গী নেইমার ও দানি আলভেজের মুখোমুখি হবেন। তারপরও তিনি রেফারিং নিয়ে চিন্তিত। কেননা তার ধারণা স্বাগতিকদের প্রতি রেফারির সম্ভাব্য পক্ষপাত একটা সমস্যা হতে পারে। ব্রাজিল এবারের বিশ্বকাপের উদ্বোধনী খেলায় ক্রোয়েশিয়ার বিরুদ্ধে একটি সংশয় জাগানো পেনাল্টি পেয়েছিল। ওই পেনাল্টির আগ পর্যন্ত শেষ ২০ মিনিটে স্বাগতিকরা ১-১ গোলে ছিল। আজকের খেলাটিতে বাঁশি বাজাবেন ইংলিশ রেফারি হাওয়ার্ড ওয়েব। খেলাটিতে রেফারি নির্ধারণের আগেই এ নিয়ে তার সংশয়ের কথা জানান সানচেজ। তিনি বলেন, আমার মতে ব্রাজিল হলো সেরা রক্ষণভাগ সমৃদ্ধ দল। আমি ব্রাজিল ও নেইমারের বিরুদ্ধে খেলবো বলে আনন্দিত। আমার দুশ্চিন্তা ব্রাজিলকে নিয়ে। সে যাই হোক আমরা দেখবো।’ এদিকে চিলির মিডফিল্ডার মৌরিসিও ইসলার মতে তার দল দূরপাল্লার বলে নড়বড়ে। সে হিসেবে দক্ষিণ আফ্রিকা বিশ্বকাপের তুলনায় বর্তমান ব্রাজিল দল অনেক শক্তিশালী। সেবারের বিশ্বকাপে শেষ ষোলোয় ব্রাজিলের কাছে ৩-০ গোলে হেরেছিল চিলি। আসন্ন লড়াই সম্পর্কে ইসলার বলেন,‘দক্ষিণ আফ্রিকার খেলাটির সাথে তুলনায় এটি ভিন্ন হবে বলে আমি মনে করি। আমার মনে আছে সেই খেলাটিতে উঁচু হয়ে আসা একটি বল থেকে তারা গোল পেয়েছিল। সে ধরনের খেলা আমাদের জন্য সবসময়েই কঠিন।’ ইসলা এ প্রসঙ্গে চিলির অতীত খেলোয়াড়দের স্মৃতিচারণ করে বলেন,‘খুব ভাল হতো যদি আমাদের রক্ষণভাগে এলিয়াস ফিগারোয়া অথবা একজন চ্যানো গারিডোর মতো খেলোয়াড় থাকতেন। কারণ আমরা যে খাটো। তবে আমি মনে করি ২০১০ সালের তুলনায় এই ব্রাজিল অনেক ভাল খেলে। তাদের আছে দারুণ সব ডিফেন্ডার যারা মিডফিল্ডার হিসেবেও খেলতে পারে। আমি মনে করি তাদের আছে সেরা দুনিয়ার সেরা সেন্ট্রাল ডিফেন্ডাররা। কাজেই এটা হবে ভিন্ন একটা খেলা।’ সকারওয়ে