কলম্বিয়ার মুখোমুখি সুয়ারেজবিহীন উরুগুয়ে

আপডেট : ২৭ জুন ২০১৪, ২১:৩৩
নিজেদের সেরা দুই তারকা র্যাদামেল ফ্যালকাও ও লুইস সুয়ারেজের অনুপস্থিতির সঙ্গে কলম্বিয়া-উরুগুয়ে কিভাবে মানিয়ে নেয়, আজ কোয়ার্টার ফাইনালে যাবার লড়াইয়ে জয়-পরাজয়ের নিয়ামক হয়ে দাড়াতে পারে সেটাই। তবে, গ্রূপ পর্বের পারফরম্যান্স বিচারে আজ মারাকানায় অনুষ্ঠেয় এই ম্যাচে এগিয়ে থাকবে কলম্বিয়া। যদিও, নিষেধাজ্ঞার কারনে টুর্নামেন্ট থেকে ছিটকে পড়া সুয়ারেজের অনুপস্থিতি এই ম্যাচে বড় কোন প্রভাব ফেলবে না বলে মনে করছেন কলম্বিয়ান ডিফেন্ডার মারিও ইয়েপেস। র্যাদামেল ফ্যালকাওকে ধরা হচ্ছিল এই বিশ্বকাপের অন্যতম সেরা তারকা হিসাবে। কিন্তু হাটুঁর চোটের কারনে শেষ পর্যন্ত মাঠেই নামা হয়নি তার। তবে দলের প্রধান খেলোয়াড়কে হারানোর ধাক্কাটা খুব দ্রূতই সামলে ওঠে কলম্বিয়া। ‘সি’ গ্রূপে তিনটি ম্যাচেই তাদের অনায়াস জয় প্রমান করছে সেটাই। এখন উরুগুয়ে সুয়ারেজকে হারানোর ধাক্কা কতটা সামলে নিতে পারে দেখার বিষয় সেটাই। ইতালির বিরুদ্ধে গ্রূপ পর্বের শেষ ম্যাচে জর্জিও চিয়েলিনিকে কামড়ে দিয়ে নয় ম্যাচ নিষিদ্ধ হওয়া সুয়ারেজ এরই মধ্যে ফিরে গেছেন দেশে। ফলে বিশ্বকাপের বাকি ম্যাচগুলো বিতর্কিত এই খেলোয়াড়কে ছাড়াই খেলতে হচ্ছে দুই বারের বিশ্বচ্যাম্পিয়নদের। আজ সুয়ারেজের বদলে তাই আজ আবারো দেখা যেতে পারে দিয়েগো ফোরলানকে। কোস্টারিকার বিরুদ্ধে টুর্নামেন্টে নিজেদের প্রথম ম্যাচে সুয়ারেজের জায়গায় খেলেছিলেন ফোরলানই। তবে গত বিশ্বকাপের সেরা তারকাটির সামপ্রতিক ফর্ম অবশ্য খুব একটা আশাব্যঞ্জক নয়। নিজের সেরা সময় পেছনে ফেলে আসা এই তারকা ঐ ম্যাচে উল্লেখযোগ্য কিছু করতে ব্যর্থ হয়েছেন। ফলে তুলনামূলক বিচারে দুর্বল কোস্টারিকার বিরুদ্ধে তাদের হারতে হয় ৩-১ গোলে। পরের ম্যাচে সুয়ারেজের প্রত্যাবর্তনের সাথে সাথেই যেন ভোজবাজির মতো পাল্টে যায় দৃশ্যপট। দ্বিতীয় ম্যাচে ইংল্যান্ডকে সুয়ারেজের দুই গোলেই হারায় উরুগুয়ে। এরপর তো ইতালির বিরুদ্ধে ঐ ম্যাচ। ম্যাচ শেষে নিষিধাজ্ঞা কার্যকর হলেও ম্যাচে নিজের প্রভাবটা ঠিকই দেখিয়েছিলেন এই লিভারপুল স্ট্রাইকার। তবে দলের সেরা তারকাটিকে হারানোর পরও উরুগুয়েকে হালকাভাবে দেখছেন না ইয়েপেস।