বেলজিয়াম কোচ মার্ক উইলমটস তার খেলোয়াড়দের পারফরম্যান্সে দারুণ খুশি। শুধু তাই নয় নিজের দলকে এবারের বিশ্বকাপের অন্যতম সেরা প্রতিদ্বন্দ্বী মনে করছেন তিনি। গ্রুপ পর্বে নিজেদের শেষ ম্যাচেও দারুণ খেলেছে। সাও পাওলোতে গত বৃহস্পতিবার অনুষ্ঠিত লড়াইয়ে ১০ জনের দল নিয়েও এশিয়ার প্রতিনিধি দক্ষিণ কোরিয়াকে ১-০ গোলে হারিয়েছে তারা। উইলমটসের দল এর মধ্যদিয়ে ‘এইচ’ গ্রুপের চ্যাম্পিয়ন হিসেবে নক-আউট পর্ব নিশ্চিত করেছে মার্ক। এর আগে গ্রুপের প্রথম দুই লড়াইয়েও আলজেরিয়াকে ২-১ এবং রাশিয়াকে ১-০ গোলে হারায় তারুণ্য নির্ভর বেলজিয়াম। ৪৫ বছর বয়সী বেলজিয়াম কোচ বলেন, ‘আবারও আমরা আমাদের ধৈর্যশীল মনোভাবের মূল্য পেয়েছি’—ম্যাচ শেষে বলেন কোচ উইলমটস। তিনি আরও বলেন, ‘পুরো নয় পয়েন্ট নিয়ে গ্রুপ পর্ব শেষ করা কোনো সহজ কাজ ছিল না। বেলজিয়ামের জন্য এটা ঐতিহাসিক অর্জন। এই অর্জনে আমি দলের স্টাফ এবং খেলোয়াড়দের ধন্যবাদ জানাতে চাই। কেবল সুন্দর ফুটবল খেলার জন্যই নয়, জয়ের জন্যই আমরা এখানে এসেছি। আমরা আমাদের অভিযান সম্পন্ন করতে চাই।’
