ফল ব্যবসায়ীরা মানুষ হত্যা করছেন

আপডেট : ২৭ জুন ২০১৪, ২২:১০
ফরমালিন ও কার্বাইড রাসায়নিক পরীক্ষাগারে ব্যবহূত হলেও ফল ব্যবসায়ীরা তা মানুষকে হত্যায় ব্যবহার করছেন। খাদ্যদ্রব্যে বিশেষ করে ফলমূলে এসব রাসায়নিক উপাদান ব্যবহার থেকে বিরত থাকার জন্য ব্যবসায়ীদের সচেতন হতে হবে। সারাদেশের মানুষকে খাদ্যে ভেজাল থেকে রক্ষা করার জন্য বর্তমান সরকার শিগগির জাতীয় সংসদে ভোক্তা অধিকার আইন উত্থাপন করবে। গতকাল শুক্রবার ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে (ডিআরইউ) সাংবাদিকদের ফল উত্সব অনুষ্ঠান উদ্বোধন করতে গিয়ে তথ্য মন্ত্রী হাসানুল হক ইনু এসব কথা বলেন। ডিআরইউ সভাপতি শাহেদ চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠানে খাদ্যে ফরমালিন ও কার্বাইড ব্যবহারে মানুষের জীবনে ক্ষতির দিকগুলো আলোকপাত করে বক্তব্য রাখেন ডিআরইউ সহ-সভাপতি রফিকুল ইসলাম আজাদ, অর্থ সম্পাদক আশরাফুল আলম, সাংগঠনিক সম্পাদক মোরসালিন নোমানী, ক্রীড়া সম্পাদক বদরুল আলম খোকন ও কল্যাণ সম্পাদক জামিউল আহসান সিপু। অন্যদিকে তথ্যমন্ত্রী ও জাতীয় সমাজতান্ত্রিক দলের (জাসদ) সভাপতি হাসানুল হক ইনু বলেছেন, জঙ্গিবাদ ও সামপ্রদায়িকতার বিষদাঁত ভেঙ্গে দিতে সাংস্কৃতিক আন্দোলনের বিকল্প নেই। সাংস্কৃতিক কর্মীদের নিরপেক্ষ থাকার কোনো অবকাশ নেই। শুক্রবার বঙ্গবন্ধু এভিনিউর শহীদ কর্নেল তাহের মিলনায়তনে সাংস্কৃতিক কর্মীদের জাসদে যোগদান উপলক্ষে এক সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন। মহানগর জাসদের সমন্বয়ক মীর আকতার হোসেনের সভাপতিত্বে বক্তব্য রাখেন সাংগঠনিক সম্পাদক করিম সিকদার, সংগঠনের সাংস্কৃতিক সম্পাদক অভিনেতা নাদের চৌধুরী, যোগদানকারী সাংস্কৃতিক কর্মী মাসুদ রানা ও তাজুল ইসলাম প্রমুখ।