সদ্য প্রয়াত বিশিষ্ট সংগীত পরিচালক ও যন্ত্র সংগীতশিল্পী মনসুর আহমেদকে যৌথভাবে স্মরণ করেছে বাংলাদেশ শিল্পকলা একাডেমি ও এল.সি.এসগিল্ড (গীতিকার, সুরকার ও কণ্ঠ শিল্পীসংস্থা)।
একাডেমির সংগীত ও নৃত্যকলা কেন্দ্র মিলনায়তনে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের যুগ্ম সচিব মনজুরুর রহমান। সংগীতজ্ঞ আজাদ রহমানের সভাপতিত্বে আলোচক হিসেবে উপস্থিত ছিলেন স্বাধীনবাংলা বেতার কেন্দ্রের শিল্পী সুজেয় শ্যাম, গীতিকার রফিকুজ্জামান, সুরকার শেখ সাদী খান, শিল্পী রেহানা আশিকুর রহমান ও মনুসর রহমানের সহচর আলাউদ্দীন ময়া, নৃত্য ও আবৃত্তি বিভাগের পরিচালক সোহরাবউদ্দিন।
এছাড়াও বক্তব্য রাখেন কণ্ঠশিল্পী এন্ড্রু কিশোর ও গণসংগীত শিল্পী ফকির আলমগীর। অনুষ্ঠান সঞ্চালন করেন শিল্পী সুজিত মোস্তফা।
বক্তারা বলেন, আমাদের দেশের দুর্ভাগ্য যে, মনসুর আহমেদের মতো একজন শিল্পীকে অবহেলায় অসম্মানে পৃথিবী ছেড়ে চলে যেতে হলো। তারা বলেন, সারাজীবন মানুষের জন্য কাজ করার পর জীবন সায়াহ্নে সামাজিক কিংবা রাষ্ট্রীয় এমন আচরণ অসভ্যতার পরিচায়ক।
আলোচনা শেষে শিল্পী মনসুর আহমেদের প্রতি শ্রদ্ধা নিবেদন করে সংগীত পরিবেশন করেন প্রতিশ্রুতিশীল শিল্পীরা।
প্রসঙ্গত, ১৯৬৩ সালে লাহোরে সর্বপ্রথম একমাত্র বাঙালি সংগীত পরিচালক হিসেবে আত্মপ্রকাশ করেন মনসুর আহমেদ। তার সংগীত পরিচালনায় প্রথম চলচ্চিত্র ‘হুসনকি শেহজাদী’ তত্কালীন পশ্চিম পাকিস্তানে ব্যাপক জনপ্রিয়তা পায়।
তনুশ্রী পদক পেলেন নাট্যকার রুমা মোদক
অঞ্জন’স নিবেদিত এবং নাট্যধারা প্রবর্তিত তনুশ্রী পদক ২০১৪ পেলেন নাট্যকার ও নাট্য নির্দেশক রুমা মোদক। বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে তার হাতে এ পদক তুলে দেয়া হয়।
শুক্রবার সন্ধ্যায় জাতীয় নাট্যশালার মূল মিলনায়তনে অনুষ্ঠিত এ আয়োজনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নাট্যজন মামুনুর রশীদ।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সম্মিলিত সাংস্কৃতিক জোটের সাধারণ সম্পাদক হাসান আরিফ ও অঞ্জন’স এর নির্বাহী পরিচালক শাহিন আহমেদ।
আয়োজক সংগঠনের প্রধান সম্পাদক মাসুদ পারভেজ-এর সভাপতিত্বে অনুষ্ঠানে স্বাগত বক্তব্য করেন সংগঠনের সিনিয়র সদস্য অলক বসু।
রুমা মোদকের হাতে তনুশ্রী পদক ২০১৪ তুলে দেন অনুষ্ঠানের প্রধান অতিথি নাট্যজন মামুনুর রশীদ। পদকের অর্থমূল্য তুলে দেন অঞ্জন’স এর নির্বাহী পরিচালক শাহিন আহমেদ এবং উত্তরীয় পরিয়ে দেন সম্মিলিত সাংস্কৃতিক জোটের সাধারণ সম্পাদক হাসান আরিফ।
