‘আমরা চাকরি অন্বেষী নই, আমরা চাকরিদাতা: বেকারত্বকে কর্মোদ্যোগে পরিণত করা’ এই প্রতিপাদ্য সামনে রেখে আজ শনিবার পঞ্চম সামাজিক ব্যবসা দিবস পালিত হবে। এ উপলক্ষে রাজধানীর র্যাডিসন ব্লু ওয়াটার গার্ডেন হোটেলে উদ্বোধনী অনুষ্ঠানের আয়োজন করেছে ইউনূস সেন্টার।
অনুষ্ঠানে ৩১টি দেশের ২৭৫ জন বিদেশি প্রতিনিধিসহ প্রায় এক হাজার প্রতিনিধি অংশগ্রহণ করবেন। সমাজের বিভিন্ন সমস্যা-সংকটকে সামাজিক ব্যবসার মাধ্যমে নিরসন ও পরিস্থিতি উন্নয়নের কৌশল নির্ধারণের অনুষ্ঠানে আলোকপাত করা হবে। আলোচনার কেন্দ্রবিন্দুতে থাকবে সামাজিক ব্যবসার মাধ্যমে যুব বেকারত্বকে প্রতিরোধ করা।
নোবেল বিজয়ী অধ্যাপক মুহাম্মদ ইউনূসের আমন্ত্রণে সামাজিক ব্যবসা দিবসের উদ্বোধনী অনুষ্ঠানে মূল বক্তব্য উপস্থাপন করবেন যুক্তরাষ্ট্রের রবার্ট এফ কেনেডি সেন্টার ফর জাস্টিস এন্ড হিউম্যান রাইটসের সভাপতি কেরি কেনেডি। তিনি যুক্তরাষ্ট্রের সাবেক প্রেসিডেন্ট জন এফ কেনেডি পরিবারের সন্তান। কেরির বাবা ববি কেনেডি জন এফ কেনেডির কেবিনেটের এটর্নি জেনারেল ছিলেন।
