ঈদে ছোট পর্দাই ভরসা নিপুণের!

আপডেট : ২৮ জুন ২০১৪, ২০:০৯
কলকাতায় প্রসেনজিতের সাথে অভিনয় করলেন, সেটিরও রিলিজের কোনো খবর নেই। দেশে অভিনেতা নিরবের সাথে অভিনয় করে ছবিটি বলাকায় মাত্র দুদিন চালানোর পর হলমালিক নামাতে বাধ্য হন। কিছুদিন আগে থাইল্যান্ডে একটি ছবির কাজ করতে গেলে শুটিং স্পট ভাড়া না দিতে পারা ও অন্যান্য জটিলতার কারণে পুরো ইউনিটের ক্যামেরা আটকিয়ে রাখে। হাতে কিছু ছবি আছে, সেগুলোও খুব বড় মাত্রার নয়। তাই বিভিন্ন টিভিসি আর নাটকেই ফিরছেন হালের চিত্র তারকা। এবারের ঈদে আরেক পড়তি চিত্রনায়ক ফেরদৌসের রচনা ও পরিচালনায় ‘কনফিউশন’-এ কাজ করছেন তিনি। স্ক্রিনে নিয়মিত থাকতেও কিছুটা কাজ করতে হয়। নিপুণের এমনই মত নিজের ঈদের কাজ প্রসঙ্গে। এছাড়া ঈদের বিশেষ অনুষ্ঠানমালা বলে বিশেষ কিছুতে তো অংশ নিতে পারেন তিনি। কিন্তু চলচ্চিত্র তারকা হিসেবে নিজের তকমাটা কতদিন এভাবে সেঁটে থাকে তার কপালে সেটিই এখন দেখার বিষয়। ফেরদৌসের পরিচালনায় নাটকে কাজ প্রসঙ্গে নিপুণ বলেন, ‘রিয়াজ ভাই, ফেরদৌস ভাই দু’জনের সঙ্গেই আমি চলচ্চিত্রে কাজ করেছি। দু’জনের সঙ্গে একই ইউনিটে কাজ করা এটা আমার প্রথম হলেও কাজের পরিবেশ ছিল একেবারেই ঘরোয়া। আমি ভীষণ উপভোগ করেছি কাজটি। আশা করি দর্শকের ভীষণ ভালো লাগবে।’ আসছে ঈদে বাংলাভিশনে প্রচারের লক্ষ্যে নির্মিত হয়েছে ‘কনফিউশন’ নাটকটি।