কলকাতামুখী শোবিজ তারকারা

আপডেট : ২৮ জুন ২০১৪, ২০:০৯
যেন এমনটাই হওয়ার কথা ছিল। জয়া আহসান, দিলরুবা ইয়াসমিন রুহী, নিপুণ যখন একে একে কলকাতার চলচ্চিত্রের কাজ করছিলেন। তখন আমাদের মিডিয়াতে নতুন করে আলোচনা তাদের নিয়ে। আর করারই বা কী আছে। ভালো কাজের অফার পেলে তো করবেনই। এবারে সেই ধারাবাহিকতায় সংগীতশিল্পীরা আইএসডি কলে বেশি খরচ করছেন। ওপার বাংলার প্রযোজকের সাথে কথা বলছেন হরহামেশায়। এর আগে অর্ণবকে শোনা গেল তিনি মুম্বাইতে ছুটেছেন, সেখানে কাজ করবেন। পরে শোনা গেলো পরমব্রতর একটি চলচ্চিত্রে গান গাইছেন। এমনিতেই পড়াশোনার খাতিরে কলকাতা কানেকশনটা তার বেশি। এছাড়াও কলকাতা আরবান এলাকায় স্টেজ শোতেও ব্যাপক জনপ্রিয়তা তার। এর পরপরই আলোচিত ও সমালোচিত ছবি অনন্য মামুনের ‘আমি শুধু চেয়েছি তোমায়’ ছবিতে কাজ করলেন হূদয় খান। তবে এটা ঠিক নতুন গান নয়। হূদয় খানের রেডি ও পুরোনো ট্র্যাকই নতুনভাবে ধারণ করা হয়েছে। এটি ছিল সেখানের এসকে মুভিজের ব্যানারে। এর ঠিক পরপরই কলকাতার জায়ান্ট প্রযোজক ভেঙ্কটেশ ফিল্মসের ব্যানারে রাজীবের পরিচালনায় ‘বিন্দাস’ ছবিতে শোনা গেল হাবিবে কণ্ঠ। অফিসিয়াল সাইটে তারা গানটি রিলিজ দিয়েছে। তবে এটিও হাবিবের নতুন কোনো গান নয়। হাবিবের অতি পরিচিত ‘হূদয়ের কথা’ গানটিই ব্যবহার করছেন। অর্থাত্ তারা পরীক্ষিত হিট গানগুলোই সিলেক্ট করছেন, যাতে দুই বাংলার দর্শক চাহিদা আরও পোক্ত হয়। আর এদিকে দেশীয় অডিও বাজারের হাহাকারে তাদের হিট মেশিনের থলি পূর্ণ করতে এর চেয়ে বেটার অপশনই বা আর কী আছে।