বিশ্বকাপের গ্রুপ পর্যায়েই ছিঁটকে পড়লেও ইউরো ও বিশ্ব চ্যাম্পিয়ন স্পেনকে এগিয়ে নিতে ভিসেন্ত দেল বস্কই ‘সঠিক ব্যক্তি’ বলে বিশ্বাস করেন পেপ গার্দিওলা। এক নাগাড়ে তিনটি আন্তর্জাতিক শিরোপা জয় করা দলটিকে চলমান বিশ্বকাপের প্রথম রাউন্ডেই ছিটকে পড়তে দেখে হতাশ গার্দিওলা স্বীকার করেন, ফুটবল শ্রেষ্ঠত্বের আসরে আবারো নিজেদের প্রমাণ করতে স্পেন দলে কিছু পরিবর্তন প্রয়োজনীয় ছিল। বুয়েন্স আয়ার্সে এক সংবাদ সম্মেলনে গার্দিওলা বলেন, ‘স্পেনের হাতে থাকা সেরা কোচ দেল বস্ক এবং আমি আশা করছি তিনি থাকবেন। কারণ দলের জন্য অতীব প্রয়োজনীয় পরিবর্তন আনার জন্য তিনিই সঠিক ব্যক্তি।’ বার্সেলোনার কোচ হিসেবে জাভি হার্নান্দেজ, গেরার্ড পিকে, চেজে ফ্যাব্রেগাস এবং পেড্রোসহ বিশ্বকাপে অংশ নেয়া স্পেন দলের বেশ কয়েকজন খেলোয়াড়ের সঙ্গে কাজ করেছেন গার্দিওলা। হল্যান্ড এবং চিলির কাছে পরাজিত হওয়ার পর টুর্নামেন্টের প্রথম রাউন্ডেই তাদের ব্রাজিল ছাড়তে হওয়ায় বেশ হতাশ তিনি। তিনি বলেন, ‘স্পেন আমাকে খুবই কস্ট দিয়েছে। তবে এটাও সত্যি তারা (জাভি, ইনিয়েস্তা) খেলাটির জন্য যেমন অনেক কিছু দিয়েছে তেমনি ফুটবলও তাদের অনেক কিছু দিয়েছে।’
