আসামে বন্যায় নিহত ৭

আপডেট : ২৮ জুন ২০১৪, ২১:২৪
ভারতের আসাম রাজ্যে প্রবল বৃষ্টির ফলে সৃষ্ট বন্যায় গৌহাটিসহ চারটি জেলা প্লাবিত হয়েছে। বানের পানিতে ১৫ ঘণ্টায় সাতজনের প্রাণহানি হয়েছে বলে শুক্রবার এনডিটিভি জানায়। মুখ্যমন্ত্রী তরুণ গগৈ এর নিজ জেলা কৈনাদানায় বন্যার ফলে সৃষ্ট ভূমিধসে তিনজন নিহত হন। এছাড়া বেশ কিছু মানুষ আহত হন বলে খবরে বলা হয়। গত ১৫ ঘণ্টায় গৌহাটিতে ব্যাপক ভারি বর্ষণ হয়েছে; যার ফলে বিভিন্ন জেলায় বন্যার সৃষ্টি হয়। প্রাদেশিক রাজধানীর রাজগড় ও তরুণ নগর এলাকায় ভারি বর্ষণের ফলে গভীর জলাবদ্ধতার সৃষ্টি হয়েছে। ব্রহ্মপুত্র নদীর পানিপ্রবাহও বিপদসীমার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে বলে খবরে বলা হয়। পার্শ্ববর্তী কামরুপ জেলাও বন্যার পানিতে আক্রান্ত হয়েছে। গত বুধবার থেকে সেখানে ভারি বর্ষণ হচ্ছে। রাজ্যের দুর্যোগ ব্যবস্থাপনা কর্তৃপক্ষ জানায়, বন্যার কারণে ১০ হাজার মানুষকে আশ্রয়কেন্দ্রে নিয়ে যাওয়া হয়েছে।