চার বছর আগে দক্ষিণ আফ্রিকা বিশ্বকাপের গোল্ডেন বুট জয়ী জার্মান তারকা স্ট্রাইকার থমাস মুলার জানিয়েছেন ব্যক্তিগত অর্জনের চাইতেও দলের শিরোপা জয়ের বিষয়টি তার কাছে বেশি গুরুত্বপূর্ণ। অপরদিকে জার্মান কোচ জোয়াকিম লোয়ে আশা করছেন তার এই স্ট্রাইকার আসন্ন লড়াইয়ে আলজেরিয়ার বিরুদ্ধেও গোলক্ষুধা অব্যাহত রাখবে।
জার্মানী আগামীকাল সোমবার ব্রাজিলের পোর্তো আলেগ্রেতে মুখোমুখি হবে। তবে দলটির কোয়ার্টার ফাইনালে যাবার পথে বাঁধা হয়ে দাঁড়াতে পারে তাক লাগানো আফ্রিকান দল আলজেরিয়া। এই বাঁধা উতরে গেলে রিও ডি জেনিরোর মারাকানায় শেষ আটে জার্মানদের অপেক্ষায় থাকবে ফ্রান্স কিংবা নাইজেরিয়া।
কোচ জোয়াকিমের দল ‘জি’ গ্রুপের শীর্ষ দল হিসেবে নক আউট পর্বে উঠে আসে। প্রথম রাউন্ডের খেলা শেষে মুলার বলেন, ‘আমাদের সামনে আরো বড় পরিকল্পনা রয়েছে। এই মুহূর্তে আমাদের দলীয় সমঝোতার পাশাপাশি ভাগ্যের সহায়তাও রয়েছে। এ কারণেই আরো অনেকদূর যাবার ব্যাপারে আমরা আত্মবিশ্বাসী।’
বিশ্বকাপে এখন পর্যন্ত নয় খেলায় নয়টি গোল করেছেন ২৪ বছর বয়সী এই স্ট্রাইকার। ২০১০ সালে মিউনিখে এক সংবাদ সম্মেলনে মুলারকে নিয়ে ম্যারাডোনার মন্তব্য তীব্রভাবে সমালোচিত হয়েছিল। ম্যারাডোনা সেবার মুলারকে বলবয় ভেবেছিলেন বলে ওই সংবাদ সম্মেলনে মন্তব্য করেন। এরপর মুলারের দল দক্ষিণ আফ্রিকান বিশ্বকাপের কোয়ার্টার ফাইনালে ম্যারাডোনার কোচিংয়ে থাকা আর্জেন্টিনাকে ৪-০ গোলে বিধ্বস্ত করে সেমিফাইনাল নিশ্চিত করেছিল।
বায়ার্ন মিউনিখের তারকা মুলার সেই আসরে পাঁচ গোল করে গোল্ডেন বুট জিতেছিলেন। নিজের পাঁচ গোল ছাড়াও তিনটি গোলে সতীর্থদের সহায়তা করেন তিনি। সর্বোচ্চ গোলদাতা হওয়া ছাড়াও সেরা তরুণ খেলোয়াড়ের পুরস্কারও জিতেছিলেন মুলার। চার বছর পরে এবারও নিজের সেরাটাই প্রমাণ করে প্রথম খেলাতেই পর্তুগালের বিপক্ষে হ্যাটট্রিক করেন তিনি। এছাড়া যুক্তরাষ্ট্রের বিপক্ষে শেষ ম্যাচে দলের একমাত্র জয়সূচক গোলটিও আসে তার কাছ থেকে।
মুলার ছাড়াও এবারের আসরে ব্রাজিল ও আর্জেন্টিনার দুই তারকা নেইমার এবং লিওনেল মেসি চারটি করে গোল দিয়েছেন। এছাড়াও সতীর্থদের গোলে সহায়তা করার বিবেচনাতেও বাকি দুইজনের চাইতে এগিয়ে আছেন মুলারই। বিশ্বকাপে সর্বকালের গোলদাতাদের তালিকায় নবম গোলটির সুবাদে ম্যারাডোনার চাইতে এগিয়ে আছেন মুলার। তারপরও নিজেকে জার্মানির ম্যারাডোনা ভাবতে রাজি নন তিনি।
ম্যারাডোনা বিশ্বকাপে সব মিলিয়ে আট গোল করেছিলেন। সে হিসেবে ম্যারাডোনাকে ছাপিয়ে গেছেন মুলার। তবে এই মুহূর্তে কোন রেকর্ডের চাইতেও জার্মানিকে চতুর্থবারের মতো বিশ্বকাপের শিরোপা জেতানোই তার লক্ষ্য। বিশেষ করে মুলার এখনো কোন বিশ্বকাপ জয়ের স্বাদ পাননি বলেই এই ব্যাপারটা তাকে এত আগ্রহী করে তুলেছে।
ব্রাজিলের সাবেক তারকা স্ট্রাইকার রোনালদো ১৫ গোল করে সবচাইতে বেশি গোলের রেকর্ডটি গড়লেও এবার তাতে ভাগ বসিয়েছেন তার জার্মান সতীর্থ ক্লোজা।
আপাতত গোল রেকর্ডে তার কোন আগ্রহ নেই। এ প্রসঙ্গে তিনি বলেন, ‘গোলের রেকর্ড এ মুহূর্তে আমাকে আকর্ষণ করছে না। আমি তো ইতিমধ্যেই একটা গোল্ডেন বুট পেয়েছি। আমি বিশ্ব চ্যাম্পিয়ন হতে চাই। এটা এমন একটা কিছু যা আমি কখনো জিতিনি।’
বয়স ও শারীরিক সামর্থ বিবেচনায় মুলার আরো দুটি বিশ্বকাপে খেলতে পারবেন বলেই মনে হয়। সেরকম কিছু হলে তিনি ক্লোসা ও রোনালদোকে ছাড়িয়ে যেতে পারবেন। তারপরও মুলার জানিয়েছেন পোর্তো অ্যালেগ্রেতে কে গোল করলো এটা নিয়ে তিনি মাথা ঘামাচ্ছেন না। অবশ্য ঘানার সাথে ড্র হওয়া খেলাটিতেই ১৬তম গোল করে রোনালদোর রেকর্ডটি ভেঙ্গে দিতে পারতেন। এ প্রসঙ্গে তিনি বলেন, ‘তিনি খেলাটিতে অনেক দৌড়িয়েছিলেন এবং খুবই ভাল খেলেছেন। আমি আশা করি তিনি আমাদের হয়ে অনেক গোল করবেন এবং গোল্ডেন বুট নিয়ে যাবেন বাড়িতে।’
ক্লোসা ২০০৬ বিশ্বকাপে গোল্ডেন বুট জিতেছিলেন।
এদিকে মুলারের গোল নৈপুণ্য দেখে উচ্ছ্বাস প্রকাশ করে জার্মান কোচ লো আশা করছেন আলজেরিয়ার বিপক্ষেও সে এমন ধারা অব্যাহত রাখবে। তিনি এমনটাও আশা করেন যে নকআউট পর্বে তাকে সামলাতে আলজেরিয়াকে সমস্যায় পড়তে হবে।
জার্মানির ৫৪ বছর বয়সী এ কোচ বলেন, ‘টুর্নামেন্টের প্রথম পর্যায়েই দেখা গেছে সে শারীরিক ও মানসিকভাবে অবিশ্বাস্য ভাল অবস্থায় আছে। তাকে মোকাবেলা করাটা আমাদের সকল প্রতিপক্ষের জন্যই বেশ কঠিন ছিল। কারণ সে অত্যন্ত দ্রুততার সঙ্গে মাঠ চষে বেড়ায় এবং গোল সীমানায় হানা দেয়। কয়েক সপ্তাহ যাবত্ সে অসাধারণ ফর্মে আছে।’ বাসস/এএফপি
