বেলজিয়ামকে হারাতে আত্মবিশ্বাসী ক্লিন্সম্যান

আপডেট : ২৮ জুন ২০১৪, ২১:৫১
গোল ব্যবধানে এগিয়ে থেকে পর্তুগালকে টপকে নক-আউট পর্ব নিশ্চিত করা যুক্তরাষ্ট্রের কোচ য়ুর্গেন ক্লিন্সম্যান দাবি করেছেন, দ্বিতীয় রাউন্ডের লড়াইয়ে বেলজিয়ামকে তারা ভয় পাচ্ছেন না। আগামী মঙ্গলবার ‘এইচ’ গ্রুপ চ্যাম্পিয়ন বেলজিয়ামের সাথে মুখোমুখি হওয়ার আগে ক্লিন্সম্যান বরং তার দলকে নিয়ে ‘অনেক বেশি আস্থাশীল’ । যুক্তরাষ্ট্র কোচ ক্লিন্সম্যান মনে করেন, শেষ ষোলর লড়াইয়ে তারুণ্য নির্ভর ইউরোপীয় প্রতিপক্ষকে হারানোর সামর্থ আছে। শক্তিশালী প্রতিপক্ষ বেলজিয়ামকে হারানোর অভিপ্রায় ব্যক্ত করে তিনি বলেন, ‘এই ম্যাচে খেলার আগে আমরা যথেষ্ট আত্মবিশ্বাস পাচ্ছি। নক-আউট পর্বের খেলা মানেই বিশেষ কিছু। এটা বলা যায় যে, এই পর্বে তাদেরকে (বেলজিয়াম) হারানোর মতো সক্ষমতা আমাদের রয়েছে। তবে এটাও আমরা জানি যে, তাদের হারানোর জন্য আমাদের অনেক ভাল প্রস্তুতি নিতে হবে এবং প্রত্যেক খেলোয়াড়কে শতভাগ শারীরিক সক্ষমতা অর্জন করতে হবে।’ বিশ্বকাপ খেলার জন্য ব্রাজিলের উদ্দেশ্যে উড়াল দেয়ার আগে আমেরিকার গণমাধ্যমকে তেমন কোনো আশার বাণী শোনাননি ক্লিন্সম্যান। অথচ গ্রুপ পর্বে আশানুরূপ পারফরম্যান্সই দেখিয়েছে বিশ্ব র্যাংকিংয়ে ১৩ নম্বরে থাকা দলটি। প্রথম রাউন্ডে নিজেদের শেষ লড়াইয়ে জার্মানির কাছে হারলেও আগের দু’টিতে ঘানাকে হারিয়ে এবং পর্তুগালের সঙ্গে ড্র করে নক-আউট পর্ব নিশ্চিত করে তারা। তাই নকআউট পর্বে বিশ্বের ১১ নম্বর দল বেলজিয়ামের বিপক্ষে নৈপুণ্য ধরে রাখতে চায় ক্লিন্সম্যানের দল। বেলজিয়ামকে হারানোটা সহজ নাও হতে পারে যুক্তরাষ্ট্রের জন্য। কেননা কোচ মার্ক উইলমটের দলটি টানা তিন খেলাতেই জিতে এই রাউন্ডে এসেছে। যদিও ওই খেলাগুলোয় বেলজিয়রা সেরকম দুরন্ত কোন খেলা উপহার দিতে পারেনি। এরপরও অন্য সবার মতো ইউরোপের এই দলটিকে এবারের বিশ্বকাপে ‘গোপন’ ফেভারিট ভাবছেন খোদ যুক্তরাষ্ট্রের কোচ ক্লিন্সম্যানও, ‘তাদের খেলোয়াড়দের কারণেই তারা এবারের বিশ্বকাপের গোপন ফেভারিট। তবে আমরাও ভয় পাচ্ছি না। তাদের চ্যালেঞ্জ করার অবস্থান আমাদের রয়েছে। আমাদের বিশ্বাস, আমাদের দলের এমন একটি ভিত্তি তৈরি করতে পেরেছে যার ফলে আমরা তাদের হারাতে সক্ষম হবো।’ জার্মান জাতীয় দলের সাবেক এই কোচ অবশ্য তার ফুটবলারদের স্মরণ করিয়ে দিয়েছেন তারা যেন ‘জি’ গ্রুপের প্রথম দুই খেলার মতো নৈপুণ্য দেখায়। এ প্রসঙ্গে তিনি বলেন, ‘আমি নিশ্চিত ভাবেই তাদের পারফর্মেন্সে প্রথম দুই খেলার মতো সন্তুষ্ট নই। বিশেষ করে জার্মানির সাথে যেভাবে খেলেছে। এখন নকআউট পর্বে প্রত্যেককেই দলের জন্য নিজেদের শতভাগ উজাড় করে দিতে হবে।’