আগামী ২০১৪-১৫ অর্থবছরের জন্য বাজেটে শেয়ারবাজারের জন্য ইতিবাচক পদক্ষেপ নেয়া হয়েছে। প্রস্তাবিত কর প্রত্যাহারের পাশাপাশি করমুক্ত লভ্যাংশের সীমা বাড়ানো হয়েছে। এর প্রভাবে শেয়ারবাজারে সূচক ও লেনদেন বেড়েছে। গতকাল ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সূচক বেড়েছে প্রায় ৭৮ পয়েন্ট। এদিকে এবারের বাজেটে অর্থমন্ত্রী আবুল মাল আব্দুল মুহিত অর্জিত মূলধনের উপর কর আরোপের প্রস্তাব করেছিলেন। কিন্তু শেষ পর্যন্ত তা প্রত্যাহার করা হয়েছে। পাশাপাশি লভ্যাংশের করমুক্ত সীমাও বাড়ানো হয়েছে। এতে বাজারে ইতিবাচক প্রভাব পড়েছে।
তথ্যে দেখা গেছে, গতকাল ডিএসই’র ব্রড ইনডেক্স (ডিএসইএক্স) ৭৮ পয়েন্ট বেড়ে ৪ হাজার ৪৮৭ পয়েন্টে দাঁড়িয়েছে। আর ডিএস-৩০ সূচক ২২ পয়েন্ট কমে ১ হাজার ৬৩৮ পয়েন্টে দাঁড়িয়েছে। ডিএসইতে মোট লেনদেন হয়েছে ৩৯০ কোটি ১২ লাখ টাকা। যা আগের দিনের চেয়ে ৮৭ কোটি ৩৪ লাখ টাকা বেশি। লেনদেনকৃত ২৯৬টি কোমপানির মধ্যে দাম বেড়েছে ২৩৬টির, কমেছে ৪৪টির এবং অপরিবর্তিত রয়েছে ১৬টি কোম্পানির শেয়ারের।
এদিকে ডিএসইতে গতকাল আর্থিক খাতের শেয়ার লেনদেন হয়েছে আগের কার্যদিবসের তুলনায় প্রায় দ্বিগুণ। গতকাল ব্যাংকিং খাতে লেনদেন হয়েছে ৩৮ কোটি ৪৪ লাখ টাকা এবং ব্যাংক বহির্ভূত আর্থিক খাতে ১৬ কোটি ২২ লাখ টাকা। যা আগের কার্যদিবসের চেয়ে প্রায় দ্বিগুণ। রবিবার ব্যাংকিং খাতের ৩০টি প্রতিষ্ঠানের মধ্যে সবচেয়ে বেশি শেয়ার লেনদেন হয়েছে মার্কেন্টাইল ব্যাংকের। এছাড়া মোট ৩০টি প্রতিষ্ঠানের মধ্যে ২৭টির দর বেড়েছে, ১টির কমেছে এবং ২টির দর অপরিবর্তিত ছিল। ব্যাংক বহির্ভূত আর্থিক খাতের প্রতিষ্ঠানগুলোর মধ্যে সবচেয়ে বেশি শেয়ার লেনদেন হয়েছে লংকাবাংলা ফাইন্যান্সের। এদিন এ কোম্পানির ৮ লাখ ২৯ হাজার শেয়ার ৩ কোটি ৫৩ লাখ ৭০ হাজার টাকায় লেনদেন হয়েছে। মোট ২৩টি ব্যাংক বহির্ভূত আর্থিক প্রতিষ্ঠানের মধ্যে ২২টির দর বেড়েছে এবং ১টির কমেছে।
ডিএসইসূত্রে জানা গেছে, ব্যাংক হলিডের কারণে আগামী মঙ্গলবার দেশের উভয় পুঁজিবাজারে শেয়ার লেনদেন বন্ধ থাকবে। তবে আগামী বুধবার থেকে যথারীতি লেনদেন চলবে। ২০১৪ সালের ৩১ ডিসেম্বর অর্থবছরের অর্ধবার্ষিক (জানুয়ারি-জুন) হিসাবশেষে আগামী ১ জুলাই বরাবরের মতো ব্যাংকের লেনদেন বন্ধ থাকবে। ব্যাংক বন্ধ থাকায় আর্থিক লেনদেন সম্ভব হবে না। এজন্য এদিন দেশের উভয় পুঁজিবাজারে লেনদেনও বন্ধ থাকবে।
