জগন্নাথ দেবের রথযাত্রা উত্সব শুরু

আপডেট : ২৯ জুন ২০১৪, ২১:৩১
উত্সবমুখর পরিবেশ ও যথাযোগ্য ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে রাজধানীসহ সারা দেশে হিন্দু সম্প্রদায়ের অন্যতম ধর্মীয় উত্সব শ্রী শ্রী জগন্নাথ দেবের রথযাত্রা উত্সব শুরু হয়েছে। রবিবার এ উত্সব শুরু হয়। প্রতি বছর চন্দ্র আষাঢ়ের শুক্লপক্ষের দ্বিতীয়া তিথিতে এই রথযাত্রা শুরু হয়। ৭ জুলাই হবে উল্টো রথযাত্রা। রবিবার ঢাকার ধামরাই উপজেলায় শুরু হয় মাসব্যাপী রথযাত্রা উত্সব? রথযাত্রা উপলক্ষে ঢাকায় ৯ দিনব্যাপী অনুষ্ঠানমালার আয়োজন করেছে আন্তর্জাতিক কৃষ্ণ ভাবনামৃত সংঘ (ইসকন)। স্বামীবাগ আশ্রমে বিশ্বশান্তি ও মঙ্গল কামনায় যজ্ঞ ও আলোচনা সভা শেষে বিকালে রথসহ বর্ণাঢ্য শোভাযাত্রা শুরু হয়। রথ শোভাযাত্রা নগরীর বিভিন্ন সড়ক ঘুরে ঢাকেশ্বরী মন্দিরে গিয়ে শেষ হয়। এর আগে মন্দিরে উত্সবের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদের সদস্য শিল্পমন্ত্রী আমির হোসেন আমু। বিশেষ অতিথির বক্তব্য রাখেন খাদ্যমন্ত্রী অ্যাডভোকেট কামরুল ইসলাম। রথযাত্রা উপলক্ষে ঢাকেশ্বরী মেলা প্রাঙ্গনসহ দেশের বিভিন্ন স্থানে নানা ধর্মীয় আয়োজন ও মেলা শুরু হয়েছে। ইসকন কর্তৃপক্ষ জানান, আগামী ৭ জুলাই ঢাকেশ্বরী মন্দির থেকে স্বামীবাগ আশ্রম পর্যন্ত উল্টো রথযাত্রা ও শোভাযাত্রার মধ্য দিয়ে উত্সব অনুষ্ঠানমালা শেষ হবে।