বাদী অপহরণকালে এসআই আটক

আপডেট : ২৯ জুন ২০১৪, ২১:৩২
চেক প্রতারণার অভিযোগে দায়েরকৃত একটি মামলার বাদীকে গোয়েন্দা (ডিবি) পুলিশ পরিচয়ে আদালত প্রাঙ্গণ থেকে অপহরণের চেষ্টার সময় আশুলিয়া থানার এক উপ-পরিদর্শকসহ দু’জনকে আটক করা হয়েছে। আটককৃতরা হলেন— আশুলিয়া থানার উপ-পুলিশ পরিদর্শক সওগাতুল আলম এবং আশুলিয়া থানাধীন রেজা শাহজামাল ব্রিকসের প্রধান হিসাবরক্ষক মাহবুবুর রহমান মজুমদার। রবিবার দুপুর ১২টার দিকে ঢাকা সিএমএম আদালতে হাজিরা দিয়ে নিচে নামার পর জার্মান প্রবাসী ইকবাল হোসেনকে অপহরণের চেষ্টাকালে তার আইনজীবীসহ অন্যরা অপহরণকারী ঐ দুইজনকে আটক করেন। ঢাকার আদালতে প্রসিকিউশন পুলিশের সহকারী কমিশনার আমিনুর রহমান বিষয়টি নিশ্চিত করেছেন। এছাড়া আটককৃত মাহাবুবুর রহমানকে কোতয়ালী থানায় হস্তান্তর করা হয়েছে। তার বিরুদ্ধে অপহরণের অভিযোগে দণ্ডবিধির ৩৬৪ ধারায় মামলা দায়ের করা হয়েছে বলে জানিয়েছেন ইকবাল হোসেনের আইনজীবী তাপস চন্দ্র দাস। অ্যাডভোকেট তাপস জানান, বাদী ইকবাল হোসেন স্বপরিবারে জার্মান প্রবাসী। তিনি রেজা ব্রিকসের মালিক শাহীন রেজার মেয়ের জামাই রাশেদ মোর্শদের কাছ থেকে পাওনা বাবদ ১৫ লাখ টাকা আদায়ের জন্য চেক প্রতারণার অভিযোগে দুটি মামলা করেন। রবিবার মামলার ধার্য তারিখে ইকবাল হোসেন বাদী হিসাবে হাজিরা দিয়ে সিএমএম আদালতের নিচে নামার পর এস আই সওগাতুল আলম নিজেকে গোয়েন্দা পুলিশ পরিচয়ে বাদীর কাছ থেকে ১৫ লাখ টাকার ঐ চেক দুটি দিতে বলেন। বাদী ইকবাল হোসেন তা না দিতে চাইলে এস আই তার কলার চেপে ধরে জোর করে গাড়িতে তুলে নেয়ার চেষ্টা করলে ধস্তাধস্তির একপর্যায়ে আমরা বিষয়টি দেখে অন্যান্য আইনজীবীর সহায়তায় তাদের আটক করে ঢাকার আইনজীবী সমিতির সভাপতির কক্ষে নিয়ে যাই। আটক উপ-পরিদর্শক সওগাতুল আলম ঢাকার আইনজীবী সমিতির সভাপতির কার্যালয়ে আটক থাকা অবস্থায় এক প্রশ্নের জবাবে জানান, ইকবাল হোসেন আশুলিয়া থানায় দায়েরকৃত মামলার ১ নম্বর আসামি। তাকে কোথাও খুঁজে পাওয়া যাচ্ছে না। পরে অবস্থান জানতে পেরে তাকে গ্রেফতার করার জন্যই তিনি আদালতে আসেন।