স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রী মোহাম্মদ নাসিম বলেছেন, সরকার হোমিওপ্যাথিসহ বিকল্প চিকিত্সার বিকাশ ও উন্নয়নে সব ধরনের উদ্যোগ নিবে। সনাতনী এই চিকিত্সাকে জনগণের কাছে আরো সহজলভ্য করে তোলা হবে। রবিবার বাংলাদেশ হোমিওপ্যাথিক বোর্ডের এক প্রতিনিধিদল সচিবালয়ে স্বাস্থ্যমন্ত্রীর কাছে ডিপ্লোমা ইন হোমিওপ্যাথিক মেডিসিন এন্ড সার্জারি (ডিএইচএমএস)-এর পরীক্ষার ফলাফল ২০১৪ হস্তান্তর করতে গেলে তিনি একথা বলেন। বোর্ডের চেয়ারম্যান ডা. দিলীপ কুমার রায় মন্ত্রীর হাতে ফলাফল তুলে দেন।
এ বছর বোর্ডের অধীনে ডিএইচএমএস পরীক্ষায় ১৮ হাজার ৪৬৯ পরীক্ষার্থী অংশ গ্রহণ করেন। তার মধ্যে ১৬ হাজার ১৮৪ জন উত্তীর্ণ হন। পাসের হার ৮৯ দশমিক ১৮ ভাগ। ১ম বর্ষে ৫ হাজার ৮৪, ২য় বর্ষে ৪ হাজার ৪৫০, ৩য় বর্ষে ৩ হাজার ৭৩২ এবং ৪র্থ বর্ষে ২ হাজার ৯১৮ জন উত্তীর্ণ হন। বাংলাদেশ হোমিওপ্যাথিক বোর্ডের ওয়েবসাইটে (www.homoeopathicboardbd.org) এই ফলাফল পাওয়া যাচ্ছে।
মন্ত্রীর কাছে ফলাফল হস্তান্তরের সময় হোমিওপ্যাথি বোর্ডের রেজিস্ট্রার ডা. মোঃ জাহাঙ্গীর আলম, পরীক্ষা নিয়ন্ত্রক ডা. আলী আজম শেখসহ মন্ত্রণালয় ও বোর্ডের ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।
