মাগুরায় ফরমালিন আতংকে পাকা আমের পরিবর্তে ক্রেতারা কাঁচা আম ক্রয়ের দিকে ঝুঁকে পড়েছেন। প্রচুর পরিমাণে কাঁচা আম বিক্রি হচ্ছে। প্রতি কেজি কাঁচা আম্রপালী, রুপালী, নেংড়া প্রভৃতি আম প্রকারভেদে ৬০/৭০ টাকা দরে বিক্রি হচ্ছে। ক্রেতারা ফরমালিন আতংকে পাকা আম কিনতে চাইছে না বলে বিক্রেতারা বাগান থেকে কাঁচা আম এনে বিক্রি করছেন । সারাদিনে পাকা আম যা বিক্রি হচ্ছে তার চেয়ে বেশি বিক্রি হচ্ছে কাঁচা আম। একজন আম বিক্রেতা জানান, মাগুরায় প্রতিদিন প্রায় ৪/৫ মণ কাঁচা আম বিক্রি হয়। ফরমালিনের কুফল সম্পর্কে জানার পর পাকা আম কেনা প্রায় ছেড়ে দিয়েছেন সচেতন ক্রেতারা। সেইজন্য এখন কাঁচ আম বিক্রি হচ্ছে প্রচুর। কয়েক বছর পূর্বে পাকা আমের বাজারে কাঁচা আম বিক্রি কম হলেও বর্তমানে ফরমালিন আতংকে পাকা আম বিক্রি অনেক কমে গিয়েছে।
সম্প্রতি মাগুরার শ্রীপুর উপজেলার আমলসার এবং হাট শ্রীকোল গ্রামে ফরমালিন মিশ্রিত আম ও কাঁঠাল বিক্রির অভিযোগে দু’ ব্যবসায়ীকে জরিমানা করেন ভ্রাম্যমাণ আদালত। অপরদিকে ফরমালিনের কারণে বাগান মালিকদের গুরুত্ব বৃদ্ধি পেয়েছে । আগে আম বাগান মালিকরা আম ব্যবসায়ীদের কাছে গিয়ে আম বিক্রয় করত কিন্তু বর্তমানে ব্যবসায়ীরা বাগান মালিকদের কাছে গিয়ে বাগান থেকে কাঁচা আম ক্রয় করে আনছেন। অনেক ক্রেতা বাগানের মালিকদের কাছ থেকে কাঁচা আম ক্রয় করে ঘরে পাকাচ্ছেন । এই কারণে কাঁচা আমের কদর বেড়েছে কয়েকগুণ ।
