বিভিন্ন স্থানে পৃথক ঘটনায় ১০ জনের মৃত্যুর খবর পাঠিয়েছেন ইত্তেফাক প্রতিনিধি ও সংবাদদাতারা।
মাদারীপুরে সড়ক দুর্ঘটনায় নিহত ২
মাদারীপুর সদর উপজেলায় পৃথক ২টি সড়ক দুর্ঘটনায় এক বৃন্ধসহ দুইজন নিহত এবং ৫ জন আহত হয়েছেন। পুলিশ ও স্থানীয়রা জানান, মাদারীপুর-শ্রীনদী আঞ্চলিক সড়কের কালীবাজার এলাকায় গতকাল রবিবার একটি যাত্রীবাহী নসিমন উল্টে খাদে পড়ে আ. রহমান মাতুব্বর (৭০) নামে এক ব্যক্তি ঘটনাস্থলেই মারা যান। এ সময় নসিমনের ৫ যাত্রী আহত হন। আহতদের সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। এদিকে শনিবার গভীর রাতে ঢাকা-বরিশাল মহাসড়কের তাঁতীবাড়ি এলাকায় বাস চাপায় অজ্ঞাত পরিচয় (৫০) এক মানসিক প্রতিবন্ধী মারা যান। এ ঘটনায় মাদারীপুর মডেল থানায় পৃথক দুটি মামলা হয়েছে।
উজিরপুরে ২ গৃহবধূর আত্মহত্যা
বরিশালের উজিরপুর উপজেলার দক্ষিণ সাতলা গ্রামে গত শনিবার রাত ৪টায় স্বামীর সাথে অভিমান করে সিমু বেগম (২৮) নামে এক গৃহবধূ গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেন। একই উপজেলার রাজাপুর গ্রামের সোবারুন বেগম (৪৮) নামে এক গৃহবধূ বাবার বাড়ী থেকে জমি বিক্রি করে টাকা আনাকে কেন্দ্র করে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেন। উজিরপুর মডেল থানায় পৃথক দুটি ইউডি মামলা হয়েছে।
চন্দনাইশে একজন নিহত
চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের চন্দনাইশস্থ বরুমতি ব্রীজ সংলগ্ন এলাকায় গতকাল রবিবার সকালে সড়ক দুর্ঘটনায় নিজাম উদ্দিন (৩৫) নামে এক ব্যক্তি নিহত হয়েছেন। প্রত্যক্ষদর্শীরা জানান, গাছবাড়ীয়া কলেজ গেট থেকে বন্ধুকে সাথে নিয়ে মোটরসাইকেলযোগে দোহাজারী যাওয়ার পথে বরুমতি ব্রীজ এলাকায় মোটরসাইকেল থেকে ছিটকে পড়ে একটি পিকআপের চাকায় পিষ্ট হয়ে ঘটনাস্থলে সে মারা যায়।
সাতক্ষীরায় বজ্রপাতে নিহত ১
সাতক্ষীরা সদর উপজেলার খেজুরডাঙ্গী গ্রামে গতকাল রবিবার বিকালে বজ্রপাতে মামুন হোসেন (৩৮) নামে এক কৃষক নিহত ও পিতা আব্দুল মজিদ আহত হয়েছেন। স্থানীয়রা জানান, মামুন ও তার পিতা মজিদ বৃষ্টির মধ্যে নিজেদের ধান ক্ষেতে কাজ করছিলেন। এ সময় বজ্রপাতে মামুন ঘটনাস্থলেই নিহত ও তার পিতা আব্দুল মজিদ গুরুতর আহত হন। তাকে উদ্ধার করে স্থানীয় চিকিত্সা কেন্দ্রে ভর্তি করা হয়েছে।
কাহারোলে বজ্রপাতে ১ মহিলার মৃত্যু
দিনাজপুর জেলার কাহারোল উপজেলার রুকুনপুর গ্রামে গতকাল রবিবার সকালে বজ্রপাতে প্রেমিকা রায় (৩৫) নামে এক গৃহবধূ মারা গেছেন। আহতরা হলেন, একই গ্রামের অমিত্র রায়ের কন্যা মমতা রানী (৮), ভয়াল চন্দ্র রায়ের পুত্র শংকর কুমার রায় (২৫), ইমাম আলীর স্ত্রী কিরি বেগম (৪০) আহত হয়ে কাহারোল হাসপাতালে চিকিত্সাধীন রয়েছে।
পাটুরিয়া ঘাটে প্রতিবন্ধী শিশুর মৃত্যু
মানিকগঞ্জের শিবালয়ের পাটুরিয়াঘাট এলাকায় গতকাল রবিবার সকালে ডোবার পানিতে ডুবে রোহাল শেখ (৭) নামে এক শিশুর মৃত্যু হয়েছে। রোহাল জন্ম থেকেই বুদ্ধি প্রতিবন্ধী। সকালে একা বাড়ি থেকে বেড়িয়ে ফেরিঘাট এলাকায় ঘোরাঘুরির এক পর্যায়ে পানিতে পড়ে যায়।
তাড়াশে বিদ্যুত্স্পৃষ্টে কৃষকের মৃত্যু
সিরাজগঞ্জের তাড়াশ উপজেলার বটগাড়ী গ্রামে গতকাল রবিবার দুপুরে বিদ্যুস্পৃষ্টে সাদেক হোসেন (৫০) নামে এক কৃষক মারা গেছেন। সেচ পাম্পের মোটরের সুইচ বন্ধ করতে গেলে ড্রপ তারে জড়িয়ে পড়ে। তাড়াশ হাসপাতালে নিয়ে গেলে চিকিত্সক তাকে মৃত বলে জানান।
দক্ষিণ সুনামগঞ্জে একজনের মৃত্যু
দক্ষিণ সুনামগঞ্জে গতকাল রবিবার সকালে বৈদ্যুতিক ট্রান্সফরমার থেকে বিদ্যুত্স্পৃষ্টে আবুল কালাম (৩৫) নামে এক ব্যক্তি মারা গেছেন। স্থানীয় এলাকাবাসী ও পুলিশ জানায়, উপজেলার ছয়হারা গ্রামে পল্লী বিদ্যুতের লাইনের পাশ দিয়ে যাওয়ার সময় গতকাল রবিবার সকালে ট্রান্সফরমারের আর্থিংয়ের তারের সাথে লেগে তিনি বিদ্যুত্স্পৃষ্টে ঘটনাস্থলেই মারা যান। দক্ষিণ সুনামগঞ্জ থানার মো. আল আমিন জানান, লাশ উদ্ধার করে মর্গে প্রেরণ করা হয়েছে ।
