‘বেলজিয়ামকে হারাতে পারি আমরা’

আপডেট : ২৯ জুন ২০১৪, ২২:০৪
যুক্তরাষ্ট্রের কোচ জার্গেন ক্লিন্সম্যান কোয়ার্টার ফাইনালে ওঠার লড়াইয়ে আগামীকাল বেলজিয়ামকে হারানোর আশাবাদ ব্যক্ত করেছেন। টুর্নামেন্ট শুরুর ঠিক আগেও নিজের দল নিয়ে নেতিবাচক মন্তব্য করা এই জার্মান বলেন, বেলজিয়াম শক্তিশালী দল হলেও তাদের হারানোর ক্ষমতা তাদের আছে। ক্লিন্সম্যান বলেন, ‘এ ম্যাচে মাঠে নামার আগে আমাদের এখন যথেষ্ট আত্মবিশ্বাস আছে। (খেলোয়াড়দের জন্য) এটা বিশেষ কিছু। নকআউট পর্বের এ ম্যাচে আমরা তাদের হারানোর ক্ষমতা রাখি।’ তবে তারকা খচিত প্রতিপক্ষের বিরুদ্ধে সেটা করতে হলে যুক্তরাষ্ট্রকে তাদের সামর্থ্যের সর্বোচ্চটা ঢেলে দিতে হবে জানিয়ে তিনি আরো বলেন, ‘তবে আমরা সবাই জানি সেটা করতে হলে আমাদের সর্বোচ্চটা দিতে হবে এবং প্রত্যেক খেলোয়াড়ের কাছ থেকে শতভাগ পেতে হবে।’ গত দুইবার বিশ্বকাপ খেলার যোগ্যতা অর্জন করতে ব্যর্থ হলেও এবারের আসরের অন্যতম শক্তিশালী দল হিসাবেই বিবেচনা করা হচ্ছে বেলজিয়ামকে। দলে তারকা খেলোয়াড়দের উপস্থিতি এবং বাছাইপর্বে দলটির পারফরম্যান্স বিচারে ফুটবল বোদ্ধারা তাদের আখ্যায়িত করেছেন টুর্নামেন্টের ‘কালো ঘোড়া’ হিসাবে। ‘এইচ’ গ্রুপ থেকে নিজেদের প্রথম তিন খেলায় পূর্ণ নয় পয়েন্ট নিয়ে নক আউট রাউন্ড নিশ্চিত করা দলটি মাঠের খেলায়ও রেখেছে সে কথার প্রমাণ। গ্রুপ প্রতিপক্ষ আলজেরিয়া, রাশিয়া এবং দক্ষিণ কোরিয়ার বিপক্ষে তীব্র লড়াইয়ের পর জয়লাভ দ্বিতীয় পর্বে উঠে এসেছে কোচ মার্স উইলমটসের শিষ্যরা। প্রতিপক্ষের শক্তিমত্তার কথা স্বীকার করলেন ক্লিন্সম্যানও। জার্মানির পক্ষে তৃতীয় সর্বোচ্চ আন্তর্জাতিক গোলের অধিকারী এই তারকা বলেন, ‘তাদের এমন কিছু খেলোয়াড় আছেন যাদের কারণে এই বিশ্বকাপে গোপন ফেভারিটদের একটি বেলজিয়াম। তবে, প্রকৃত অর্থে আদৌ আমাদের কোনো ভয় নেই। তাদের চ্যালেঞ্জ করার মত অবস্থায় আছি বলে আমরা মনে করছি। আমাদের দলে আমরা একটা ভিত্তি তৈরি করেছি যা তাদের হারাতে সক্ষম বলে আমরা মনে করছি।’ তবে জার্মানির কাছে ১-০ গোলে পরাজিত হওয়া গ্রুপ পর্বের শেষ ম্যাচের চেয়ে পারফরমেন্স ভাল করতে হবে তার দলের খেলোয়াড়দের স্মরণ করিয়ে দেন ক্লিন্সম্যান। সাবেক এ স্ট্রাইকার বলেন, ‘প্রথম দুই ম্যাচের পারফরমেন্সে যতটা সন্তুষ্ট ছিলাম, অবশ্যই জার্মানির ম্যাচে ততটা ছিলাম না। এখন নকআউট পর্বে সকলেই তাদের দলের কাছ থেকে শতভাগ চাইবে।’ শীর্ষরা নিজেদের সামর্থ্যের পূর্ণ অনুবাদ মাঠে করতে পারলে সমর্থকদের ইচ্ছা পূরণ করা খুব কঠিন কিছু হবে না জানিয়ে ২০০৬ বিশ্বকাপে জার্মানির কোচ থাকা ক্লিন্সম্যান বলেন, ‘আমার বিশ্বাস আমার দলে কেউই এ পর্যন্ত শতভাগ দিয়েছে বলে দাবি করতে পারবে না। এখন শতভাগ দেয়ার প্রমাণ করাটা খেলোয়াড়দের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বার্তা।’ অথচ বিশ্বকাপ শুরুর আগে আমেরিকার সর্বকালের সর্বোচ্চ গোলদাতা এবং গত দুটি বিশ্বকাপেই গোল করা ল্যান্ডন ডনোভানকে বাদ দিয়ে সমর্থকদের রোষের মুখে পড়া ক্লিন্সম্যান বলেছিলেন, ‘বিশ্বকাপ শিরোপা জয় এই মুহূর্তে কেবল অবাস্তব’ বলে টুর্নামেন্ট শুরুর আমেরিকার গণমাধ্যমের কাছে মন্তব্য করেছিলেন ক্লিন্সম্যান। তখন সমালোচকরা ৪৯ বছর বয়সী এ কোচের মন্তব্যকে ‘নন আমেরিকান’ হিসেবে অভিহিত করেছিলেন। বাসস/ওয়েবসাইট।