এর আগে বেশ ঘটা করে ঘোষণা দেওয়া হলো শাকিবের সাথে ছোট পর্দার অভিনেত্রী তিশা জুটিবদ্ধ হচ্ছেন। বিভিন্ন মিডিয়ায় খবরটি বেশ ফলাও করে চাউর হলো। পরিচালক শফিউদ্দিন শাফির পরিচালনায় শাকিবের হাত ধরে তিশা কমার্শিয়াল ছবির জগতে প্রবেশ করতে যাচ্ছেন এমন খবর নিয়ে বিশ্লেষণ শুরু হলো।
কিন্তু হঠাত্ করেই আরেকটি খবরে যেন উল্টে গেল সব। ‘পূর্ণদৈর্ঘ্য ছায়াছবি’-এর সিক্যুয়েল সিনেমায় কাজ করছেন তিশা নন, জয়া আহসান। এদিকে প্রযোজনা প্রতিষ্ঠান থেকে জানানো হচ্ছে খোঁড়া যুক্তি! তা হলো তিশাকে নিয়েও ছবিটি নির্মিত হবে। তবে তার আগে এই জুটির ছবির কাজ শুরু হবে।
এদিকে প্রযোজক চন্দন সিনহা বলেন ভিন্ন কথা, ‘আমি নামে মাত্র প্রযোজক। বিষয়টি সম্পর্কে আমি কিছুই জানি না। কারণ পুরো বিষয় দেখাশোনা করার জন্য অন্যকে দায়িত্ব দেওয়া হয়েছে। তারাই ঠিক করেন।’
এদিকে চন্দন সিনহার লগ্নিতে একটি অন লাইনের দায়িত্বে রয়েছেন অভিনেত্রী জয়া আহসান। তাই হিসাবটি খুবই সরল সমীকরণের মতোই। হিসাবের অঙ্কে মিডিয়ায় শাকিব-তিশার ঘোষণাটি এলেও ছবিতে আবারও জুটি হিসেবে আসছে চলচ্চিত্র ও টিভি এই দুই অঙ্গনের সবচেয়ে গুণী ও জনপ্রিয় দুই তারকা শাকিব খান ও জয়া আহসান। এভাবেই বুঝি তাই ফিল্মি পলিটিক্সে মিডিয়ায় ঘোষণার পর তিশার মতো গুণী জনপ্রিয় অভিনেত্রীকেও বাদ দিতে হয়। যদিও প্রযোজনা প্রতিষ্ঠান বলছে শাকিব-তিশা জুটির ছবিটিও তারা খুব শিগগিরই শুরু করবে!
