এশিয়ান সিনেমা ফান্ড পেলো ‘জালালের গল্প’

আপডেট : ৩০ জুন ২০১৪, ২০:১২
দক্ষিণ কোরিয়ার বুসান আন্তর্জাতিক চলচ্চিত্র উত্সবের এশিয়ান সিনেমা ফান্ড [এসিএফ] পেলো নবীন নির্মাতা আবু শাহেদ ইমন পরিচালিত ‘জালালের গল্প’। বুসান উত্সব কর্তৃপক্ষ চলতি বছরের এশিয়ান সিনেমা ফান্ডের পোস্ট-প্রোডাকশন বিভাগের জন্য নির্বাচন করেছে ছবিটিকে। এশিয়ার ৫২টি দেশের ৫৬৫টি আবেদন থেকে মোট ২৯টি প্রকল্পকে নির্বাচন করা হলো এবার। এর মধ্যে ১৮টি এশিয়ান প্রকল্প, বাকি ১১টি কোরিয়ান। স্ক্রিপ্ট ডেভেলপমেন্ট ফান্ড, পোস্ট-প্রোডাকশন ফান্ড এবং প্রামাণ্যচিত্রের জন্য তিনটি ভিন্ন বিভাগে নির্বাচিত হয় প্রকল্পগুলো। ‘জালালের গল্প’ নির্বাচিত হয়েছে পোস্ট-প্রোডাকশন বিভাগে। ইমপ্রেস টেলিফিল্মের বুটিক সিনেমা প্রকল্পের ব্যানারে তৈরি হচ্ছে ‘জালালের গল্প’। ‘জালালের গল্প’ ছবিতে অভিনয় করেছেন তৌকীর আহমেদ, মোশাররফ করিম, মৌসুমী হামিদ, শর্মীমালা, নূরে-আলম নয়ন, মিতালি দাস প্রমুখ। জালাল চরিত্রে নাম ভূমিকায় অভিনয় করেছেন যৌথভাবে নবাগত আরাফাত রহমান ও মোহাম্মদ ইমন।