পাবলিক ভার্সিটির জন্য দুই হাজার কোটি টাকার বাজেট

আপডেট : ৩০ জুন ২০১৪, ২১:৫৮
বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশন (ইউজিসি) দেশের পাবলিক বিশ্ববিদ্যালয়গুলোর জন্য ২০১৪-১৫ অর্থ বছরের ব্যয় নির্বাহে মোট ২ হাজার ১৫ কোটি ৪৬ লাখ টাকা বাজেট অনুমোদন করেছে। ইউজিসি চেয়ারম্যান প্রফেসর ড. এ কে আজাদ চৌধুরীর সভাপতিত্বে কমিশনের ১৩৭তম পূর্ণ কমিশন সভায় গতকাল এ বাজেট অনুমোদিত হয়। পাশাপাশি সভায় পাবলিক বিশ্ববিদ্যালয়সমূহের জন্য ২০১৩-১৪ অর্থ বছরের সংশোধিত বাজেটে ১ হাজার ৮২৪ কোটি ৭০ লাখ টাকা বাজেট অনুমোদন করা হয়। একইসঙ্গে বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশনের ২০১৪-১৫ অর্থ বছরের ব্যয় নির্বাহের জন্য মূল বাজেটে ২১ কোটি ৬১ লাখ টাকা এবং ২০১৩-১৪ অর্থ বছরের সংশোধিত বাজেটে ১৯ কোটি ৬৬ লাখ টাকার বাজেট অনুমোদন করা হয়। সভায় পরিকল্পনা কমিশনের সদস্য (আর্থ-সামাজিক অবকাঠামো) মোঃ আব্দুল মান্নান হাওলাদার, ইউজিসি সদস্য—প্রফেসর ড. আতফুল হাই শিবলী, প্রফেসর ড. এম. মুহিবুর রহমান, প্রফেসর ড. মোহাম্মাদ মোহাব্বত খান, প্রফেসর ড. আবুল হাশেম এবং প্রফেসর ড. মোঃ আখতার হোসেন প্রমুখ উপস্থিত ছিলেন।