সুইস ব্যাংকের টাকা নিয়ে বিএনপির ভয় কেন: সুরঞ্জিত

আপডেট : ৩০ জুন ২০১৪, ২১:৫৮
আওয়ামী লীগের উপদেষ্টামন্ডলীর সদস্য সুরঞ্জিত সেনগুপ্ত এমপি বলেছেন, সুইস ব্যাংকের টাকা নিয়ে বিএনপির এতো ভয় কেন? ইউএনডিপি তো বলেনি এই টাকার মালিক কারা। অবশ্য একবার তো তাদের টাকা আনা হয়েছিল। এখন তাদের মনোভাব দেখে মনে হয়, ‘ঠাকুর ঘরে কে রে আমি কলা খাই না।’ সোমবার ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউট অব বাংলাদেশ মিলনায়তনে নৌকা সমর্থক গোষ্ঠী আয়োজিত এক আলোচনা সভায় তিনি এসব কথা বলেন। সুরঞ্জিত সেনগুপ্ত বলেন, দীর্ঘ দিন ধরে সুইস ব্যাংকে ৮০০ মিলিয়ন বাংলাদেশি টাকা পাচার করা হয়েছে। একথা ইউএনডিপি প্রকাশ করেছে। তিনি বলেন, দেশের জনগণ জানতে চায়, সুইস ব্যাংকে রাখা টাকার মালিক কারা। তাই একটা স্বচ্ছ ও স্পষ্ট উপায় বের করে সরকারকেই তা ফিরিয়ে আনতে হবে। প্রসঙ্গত, বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর গত রবিবার এক অনুষ্ঠানে সুইস ব্যাংকের টাকা নিয়ে আন্তর্জাতিক তদন্তের দাবি জানান। আয়োজক সংগঠনের উপদেষ্টা এবং ঢাকা মহানগর আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক হাজী মোহাম্মদ সেলিম এমপির সভাপতিত্বে আলোচনা সভায় আরো বক্তব্য রাখেন হুমায়ুন কবির মিজি প্রমুখ।