দুই ‘মেসি’র লড়াই

আপডেট : ৩০ জুন ২০১৪, ২২:০০
প্রথম চার ম্যাচের চারটিতেই গোল— বিশ্বকাপের ইতিহাসে এমন রেকর্ড করেছেন কেবল তিনজন খেলোয়াড়। তাদের দুজন হলেন দুই ব্রাজিলিয়ান কিংবদন্তী রোনালদো ও রিভালদো। সর্বশেষ এই তালিকায় যুক্ত হলেন কলম্বিয়ার জেমস রড্রিগেজ। আজকে আর্জেন্টিনা ও সুইজারল্যান্ডের বিপক্ষে ম্যাচে একই কীর্তিটা করে ফেলতে পারেন আরেকজন। তিনি হলেন বর্তমান বিশ্বেরই অন্যতম সেরা ফুটবলার লিওনেল মেসি। আর্জেন্টিনা দলেরও মূল ভরসা তিনি। তবে ম্যাচে কিন্তু আরেকজন মেসি থাকছেন। আর্জেন্টিনার যেমন মেসি আছে, মেসি আছেন সুইজারল্যান্ডেরও! বলটাকে পায়ের সাথে আঠার মতো লাগিয়ে নিয়ে কীভাবে গোলে ঢুকতে হয়, সেই মন্ত্র জানা প্লে মেকার নাম জেরদান শাকিরি। সুইজারল্যান্ড অনেকদিন এমন ভালো ফুটবলার পায়নি। সুইজারল্যান্ডকে আলাদা করে চেনানোর জন্য জাদু জানা একটা ফুটবলারের দরকার ছিল। অতমার হিজফিল্ড খুঁজে বের করেছেন শাকিরিকে। তার প্রতিভাগুনে বায়ার্ন মিউনিখও তাকে লুফে নিয়েছে। সুইসরা এই ফরোয়ার্ডের ওপর ভর করে ব্রাজিল বিশ্বকাপ ফুটবলে অনেক দূর এগিয়ে এসেছে। ওয়ান্ডার শাকিরি সবার নজর কেড়েছেন এরই মধ্যে। আর্জেন্টিনার ঘর ভাঙ্গার জন্য, সুইস ফুটবলার হ্যাটট্রিকম্যান জেরদান শাকিরি যথেষ্ট। এমন আত্মবিশ্বাস তৈরি হয়েছে সুইস দলে। যেভাবে জ্বলে উঠেছিলেন হন্ডুরাসের বিপক্ষে গ্রুপ পর্বে। সে ম্যাচে দলের তিন গোলই বায়ার্ন মিউনিখের এই প্লেয়ারের। মেসিদের বিপক্ষেও নিজের সেরাটা ঢেলে দেয়ার জন্য প্রস্তুত শাকিরি। হন্ডুরাসের ম্যাচে তাকে যতটুকু দেখা গেছে আর্জেন্টিনার ম্যাচে নাকি আরো বেশি দেখা যাবে। এতে কোনো সন্দেহ নেই। আর্জেন্টিনার আছে মেসি। আর সুইজারল্যান্ডের জাদরান শাকিরি ম্যাচের পার্থক্য গড়ে দেয়ার মূল অস্ত্র। দুই দলের আক্রমণ ভাগে ফুটবল শৈলী মেলে ধরবেন মেসি আর শাকিরি। শাকিরিকে বলা হয় আলপাইন মেসি। সুইস দলের চাবিকাঠি। শাকিরি আর্জেন্টাইনদের কাছে নিজেকে চিনিয়েছেন বছর দুই আগে। আর্জেন্টিনা এবং সুইজারল্যান্ডে সর্বশেষ সাক্ষাত্ হয়েছিল আর্জেন্টিনার বুয়েন্স আয়ার্সের মাঠে। সুইজারল্যান্ডের বিরুদ্ধে প্রীতি ম্যাচ খেলেছিল। ম্যাচে আর্জেন্টিনা ৩-১ গোলে জিতলেও প্রথমার্ধে ১-০ গোলে পিছিয়ে ছিল। সেই গোলটি ছিলো শাকিরির। প্রতিপক্ষ দলকে কতটা ভোগাতে পারেন সেটা সেদিনই প্রমাণ করে দিয়েছেন আজকের ২৩ নম্বর জার্সির ২২ বছর বয়সের শাকিরি। বিশ্বকাপে সুইজারল্যান্ড ফুটবলের ইতিহাসে একমাত্র শাকিরি এক ম্যাচে হ্যাটট্রিক করেছেন। দলের কোচ ওটমার হিজফেল্ড শাকিরির প্রতিভা দেখে দক্ষিণ আফ্রিকা বিশ্বকাপ ফুটবলের স্কোয়াডে রেখেছিলেন। তাকে দলের প্রয়োজন ছিল না। তারপরও কোচ ওটমার ১৮ বছরের শাকিরিকে নিয়ে গিয়েছিলেন অভিজ্ঞতা অর্জনের জন্য। বিশ্বকাপের মঞ্চে ওঠার সিঁড়িটা কেমন তা আগেই দেখিয়ে রেখেছিলেন চতুর এই কোচ। সেই শাকিরি আজ অনেকটা পরিপক্ব। প্রতিপক্ষের জাল খুঁজে পাওয়ার মহা ওস্তাদ তিনি। বিশ্বকাপ ফুটবলে আর্জেন্টিনার সামনে আতঙ্ক হয়ে মাঠে নামবেন আজ। আর্জেন্টাইনদের ভাবনা আছে সুইজারল্যান্ডকে নিয়ে শাকিরিকে থামিয়ে দিতে না পারলে আর্জেন্টিনার যেমন সর্বনাশ হবে তেমনি মেসিকে থামানো না গেলে সুইজারল্যান্ডেও সর্বনাশ হবে। তাই তো ফুটবল অনুরাগীদের কাছে আজকের লড়াইটা আর্জেন্টিনা সুইজারল্যান্ডের মধ্যেই নয়। মেসি আর শাকিরিরই মধ্যে লড়াইটাও উপভোগ করবেন দর্শক। চলমান বিশ্বকাপে গোলের হিসাবেও কিন্তু খুব পিছিয়ে নেই শাকিরি। মেসির চার গোলের সাথে তার গোল সংখ্যা তিন। হন্ডুরাসের বিপক্ষে সর্বশেষ ম্যাচে হ্যাটট্রিক করেছেন তিনি। বিশ্বকাপের ইতিহাসে এটা ৫০তম হ্যাটট্রিক। আর এর মধ্যদিয়েই ইতিহাসের পাতায় নাম লিখিয়ে ফেলেছেন তিনি। সেই ম্যানেচর পর সামাজিক যোগাযোগ মাধ্যম টুইটারে একজন টুইট করেছিল এভাবে— ‘শাকিরি ঠিক যেন মেসির মত খেলে!’ মেসিদের বিপক্ষে জয় পেতে যে তাদের চেয়েও ভাল খেলতে হবে! শাকিরি সেটা ভালই বুঝেন। একই সাথে নিজেদের অর্জনকেও ছোট করে দেখতে চান না তিনি। সময়টাই উপভোগ করছেন তিনি, ‘ আর্জেন্টিনার বিপক্ষে খেলাটা আমাদের জন্য স্বপ্নের মত একটা ব্যাপার। আশা করি অসাধারণ একটা ম্যাচ আসতে যাচ্ছে। আর্জেন্টিনার বিপক্ষে লড়াই করতে আমরা প্রস্তুত। যদিও ম্যাচটাতে আমরা আন্ডারডগ। কিন্তু ফুটবলে কী হবে সেটা আগে থেকে কেউ অনুমান করতে পারে না।’