সাংবাদিক কল্যাণ ট্রাস্ট বিল পাস

আপডেট : ০১ জুলাই ২০১৪, ২১:২৯
অসুস্থ, অসচ্ছল ও আহত এবং নিহত সাংবাদিক পরিবারের সদস্যদের নিয়মিতভাবে ভাতা বা অনুদান দেয়ার লক্ষ্যে স্থায়ী প্রাতিষ্ঠানিক কাঠামো গঠনের জন্য সংসদে বিল পাস হয়েছে। এ সংক্রান্ত ‘বাংলাদেশ সাংবাদিক কল্যাণ ট্রাস্ট বিল-২০১৪’ মঙ্গলবার সংসদে তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু পাসের প্রস্তাব করলে তা কণ্ঠভোটে পাস হয়। বিলে তথ্যমন্ত্রীকে ট্রাস্টি বোর্ডের চেয়ারম্যান করে ১৩ সদস্যের ট্রাস্টি বোর্ড গঠনের বিধান রাখা হয়েছে। বোর্ডে বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়ন মনোনীত ২ জন এবং সরকার মনোনীত ৩ জন সাংবাদিক প্রতিনিধি থাকবেন। বিলে সাংবাদিকদের মেধাবী সন্তানদের শিক্ষার জন্য এককালীন মঞ্জুরি, বৃত্তি দেয়ার বিধানও রাখা হয়েছে। প্রসঙ্গত, গত ২ এপ্রিল বিলটি সংসদে উত্থাপন করেন তথ্যমন্ত্রী। পরে এটি পরীক্ষা করে সংসদে প্রতিবেদন দেয়ার জন্য তথ্য মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটিতে পাঠানো হয়। স্থায়ী কমিটির সুপারিশ ও সংসদে গৃহীত সংশোধনীসহ গতকাল বিলটি পাস হয়েছে।