বান্দরবানের থানচি উপজেলার নাফাকুম ঝর্ণাসহ দুর্গম অঞ্চলের পর্যটন স্পটগুলো ভ্রমণে নিষেধাজ্ঞা জারি করেছে প্রশাসন। সাঙ্গু নদীতে পানি বৃদ্ধি এবং বর্ষায় পর্যটন স্পটগুলো ঝুঁকিপূর্ণ হয়ে পড়ায় পর্যটকদের নিরাপত্তার স্বার্থে চলতি বছরের আগামী ১ জুলাই থেকে ৩০ সেপ্টেম্বর পর্যন্ত তিন মাসের জন্য পর্যটকদের নিরাপত্তায় উপজেলা প্রশাসন এই সিদ্ধান্ত নিয়েছেন। গতকাল সোমবার বিষয়টি নিশ্চিত করে থানচি উপজেলা চেয়ারম্যান ক্যহ্লাচিং মারমা জানান, বর্ষা মৌসুমে খরস্রোতা সাঙ্গু নদীতে পানি বৃদ্ধি পেয়ে নৌপথে চলাচল ঝুঁকিপূর্ণ হয়ে যায়। বৃষ্টিতে পর্যটন স্পটগুলো খুবই ঝুঁকিপূর্ণ হয়ে ওঠায় উপজেলা পরিষদের বৈঠকের সিদ্ধান্ত মতে সাময়িক নিষেধাজ্ঞা জারি করা হয়েছে।
প্রশাসন জানায়, বর্ষায় দুর্ঘটনায় পর্যটকদের প্রাণ রক্ষায় নিরাপত্তার স্বার্থে দুর্গম রেমাক্রী জলপ্রপাত, বড়পাথর, নাপাকুম ঝর্ণা, দেবতা পাহাড়, নাইক্ষ্যং ঝর্ণা, বাদুরগুহা এবং নদীপথে উজানের পর্যটন স্পটগুলো ভ্রমণে আগামী ৩০ সেপ্টেম্বর পর্যন্ত পর্যটক যাতায়াতে নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছে। পরবর্তী নির্দেশ না দেয়া পর্যন্ত এই আদেশ বহাল থাকবে।
