অর্ধযুগ পর প্লে-ব্যাক করলেন

সামিনা চৌধুরী ও আসিফ আকবর

আপডেট : ০২ জুলাই ২০১৪, ১৯:২৫
দীর্ঘ অর্ধযুগেরও বেশি সময় পর আবার একসাথে প্লেব্যাকে কণ্ঠ দিলেন সামিনা চৌধুরী ও আসিফ। তরুণ প্রতিভাবান সংগীত পরিচালক তানভীর তারেকের সুর ও সংগীতে ‘এক ফালি চাঁদ’ শিরোনামের এই গানটি লিখেছেন অনুরূপ আইচ। শাহীন কবির টুটুলের আপকামিং চলচ্চিত্র ‘গোল্লাছুট’-এর জন্য তারা এই গানে কণ্ঠ দিলেন। গানটি প্রসঙ্গে আসিফ বলেন, ‘অনেকদিন পর সামিনা আপার সাথে গাইলাম। এটা খুবই ভালোলাগার একটা সংবাদ। আর তানভীরের গানের সাথে আমার শখ্যতা দীর্ঘদিনের। তবে এই প্রথম ওর সুরে কোনো প্লে-ব্যাকে গাইলাম। সবমিলিয়ে দারুণ একটি গান হয়েছে।’ সামিনা চৌধুরী বলেন, ‘তানভীরের ক্যারিয়ারের একেবারে শুরু থেকে ও আমার পরিবারের সদস্যের মতোই। দেখতে দেখতে এখন ও এতবড় সংগীত পরিচালক হয়ে গেছে, ভাবতেই ভালো লাগে। ওর সুরে এই প্রথম গাইলাম। চমত্কার একটি গান। আসিফের সাথে শুধু গান না, ওর সাথে অনেকদিন পর দেখাও হলো এই রেকর্ডিংয়ে।’ সংগীত পরিচালক তানভীর তারেক বলেন, ‘এটা আমার জন্য অনেক বড় একটি ঘটনা। গানটির ট্র্যাক তৈরির সময়ই আসিফের কথা মাথায় ছিল। এরপর সহশিল্পী হিসেবে কাকে রাখা যায়, তা নিয়ে পরিচালকের সাথে বারবার শুধু সিদ্ধান্ত বদলিয়েছি। অবশেষে আমরা যে গানের সেরা জুটিকেই রাখতে পেরেছি এটাই সবচেয়ে বড় ভালোলাগার বিষয়। গানটি চলচ্চিত্রের সবচেয়ে গুরুত্বপূর্ণ একটি সিকোয়েন্সকে ধারণ করে। সকলেই আসিফ বা সামিনা আপাকে দিয়ে আলাদাভাবে ইস্টার্ন পপ গাওয়ানোর চেষ্টা করলেও আমি মেলো রক ধাঁচের গান বেঁধেছি। সবমিলিয়ে আমাদের দারুণ এই কাজটি সবার ভালো লাগবে—এটুকু আত্মবিশ্বাস থেকেই বলতে পারি।’ উল্লেখ্য, গানটি কম্পোজিশন করা হয় তানভীর তারেকের নিজস্ব স্টুডিও সেলিব্রেটি সাউন্ডল্যাবে।