হিমুর ‘দুঃস্বপ্ন’ এবং উপস্থাপনা
‘দুঃস্বপ্ন’ নামের একটি নাটকে কাজ করেছেন অভিনেত্রী হোমায়রা হিমু। আসছে ঈদ উপলক্ষে এখন পর্যন্ত হিমু এই একটি মাত্র নাটকেই কাজ করেছেন তিনি। নাটকটি রচনা ও পরিচালনায় করেছেন জনপ্রিয় কৌতুকাভিনেতা শাহীন খান। এরইমধ্যে রাজধানীর অদূরে পূবাইলে নাটকটির শুটিং সম্পন্ন হয়েছে। ঈদে একটিমাত্র নাটকে কাজ করা প্রসঙ্গে হোমায়রা হিমু বলেন, ‘সত্যি বলতে কী ধারাবাহিক নাটক এবং ডেইলি সোপের কাজ করেই আমি ক্লান্ত। তাছাড়া সিডিউলও ফাঁকা নেই। তাই এবারের ঈদে খুব বেশি নাটকে কাজ করা হয়ে উঠেনি। তাছাড়া বিগত প্রায় এক আট-দশদিন পারিবারিক কাজে আমাকে ভীষণ ব্যস্ত থাকতে হয়েছে। তাই কাউকেই সিডিউল দিতে পারিনি। তবে শাহীন খানের নাটকের গল্প খুবই চমত্কার। দর্শক দেখে মজা পাবেন আশা করি।’ আসছে ঈদে নাটকটি একটি স্যাটেলাইট চ্যানেলে প্রচার হবে। এদিকে এ নাটকটি ছাড়া এটিএন বাংলায় প্রচার চলতি ম্যাগাজিন অনুষ্ঠান ‘কমেডি আওয়ার’-এর ঈদ বিশেষ অনুষ্ঠানের উপস্থাপনা করেন হিমু। এদিকে আসছে ঈদেই একটি স্যাটেলাইট চ্যানেলে প্রচার হওয়ার কথা রয়েছে হিমু প্রযোজিত প্রথম টেলিফিল্ম ‘ভালোবাসি অথবা বাসিভালো’। এটি পরিচালনা করেছেন অর্ণব খান। জাহাঙ্গীর আলম সুমন পরিচালিত ধারাবাহিক নাটক ‘ডিবি’তে একজন ডিবির ভূমিকায় অভিনয় করেন হিমু যা এটিএন বাংলায় নিয়মিত প্রচার হচ্ছে। অন্যদিকে বৈশাখী টিভিতে প্রচার চলতি ডেইলি সোপ সাজ্জাদ হোসেন দোদুল পরিচালিত ‘সংঘাত’ এবং একই চ্যানেলে সরদার রোকন পরিচালিত ধারাবাহিক নাটক ‘চেয়ারম্যান বাড়ি’-তেও নিয়মিত কাজ করছেন হিমু।
সৌখিন যাত্রাদলের রূপবানপালা’র প্রদর্শনী
বগুড়া প্রতিনিধি
বগুড়ায় প্রদর্শিত হলো অনুসন্ধিত্সু নাটকের দল প্রাকৃতজনের ১৫তম প্রযোজনা ‘সৌখিন যাত্রাদলের রূপবানপালা’ নাটকের প্রথম প্রদর্শনী। বিপুল সংখ্যক দর্শক নাটকটি উপভোগ করেন। নাটকের উদ্বোধনী প্রদর্শনী উপলক্ষে সন্ধ্যায় স্থানীয় জেলা পরিষদ মিলনায়তনে সংস্কৃতজন মনসুর রহমান মুন্নুর সভাপতিত্বে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। উক্ত আলোচনা সভায় বক্তব্য রাখেন স্থানীয় দৈনিক সংবাদ কণিকা-এর সম্পাদক রওশন জাহান, নাট্যকার নজরুল ইসলাম, চিত্রশিল্পী হেলেনা খানম ইরানী প্রমুখ। আলোচনা শেষে প্রাকৃতজনের কর্মীরা তাদের ১৫তম প্রযোজনা ‘সৌখিন যাত্রাদলের রূপবানপালা’ মঞ্চস্থ করেন। নাটকটির রচয়িতা নজরুল ইসলাম। পরিচালনা করেছেন সেলিম রেজা সেন্টু। নাটকের আলোক পরিকল্পনায় এবিএম কুদরত কমল, মঞ্চ পরিকল্পনায় শুভ্রা গোস্বামী এবং সংগীত পরিচালনায় প্রভাকর বণিক ও তুহিন কান্তি দাস। নাটেকের বিভিন্ন চরিত্রে অভিনয় করেন মাহবুব আলম, প্রভাকর বণিক, শুভ্রা গোস্বামী, লতা রায়, সমীরণ দেব নাথ, তুহিন কান্তি দাস, মৌমিতা সিকদার, প্রজ্ঞাপ্রতীতি সাহা , সুব্রত ঘোষ, আহমদ সাকী, ফরহাদ হোসেন তাওহীদ রহমান ও শাজাহান আলী। মিডিয়া পার্টনার ছিল চ্যানেল আই ও এফএম রেডিও ৮৯.৬।
