নীলফামারীতে নজরুলের জন্মদিন উপলক্ষে সাংস্কৃতিক অনুষ্ঠান

আপডেট : ০২ জুলাই ২০১৪, ১৯:২৮
জাতীয় কবি নজরুল ইসলামের ১১৫তম জন্মদিন উপলক্ষে নীলফামারী সরকারি গণগ্রন্থাগারের আয়োজনে তিন দিনব্যাপী বই প্রদর্শনী আয়োজন করা হয়। উদ্বোধনী দিনে লাইব্রেরীতে আগত সাহিত্য প্রেমিকারা বিদ্রোহী কবির লেখা বিভিন্ন গ্রন্থ অবলোকন করেন। ওইদিন বিকেলে জেলা প্রশাসনের আয়োজনে চিত্রাংকন, আবৃতি প্রতিযোগিতা, আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয় শিল্পকলা অডিটরিয়ামে। অপরদিকে জেলার সৈয়দপুরে জাতীয় কবি নজরুল ইসলামের জন্মজয়ন্তী পালিত হয়েছে। সৈয়দপুর শিল্পীগোষ্ঠী ২৫ মে রাতে সার্গাম সংগীত বিদ্যালয় ভবনে নানা কর্মসূচির মধ্য দিয়ে জাতীয় কবির জন্মজয়ন্তী পালন করে। কর্মসূচির মধ্যে ছিল আলোচনা সভা ও নজরুলগীতি পরিবেশন। সৈয়দপুর শিল্পী গোষ্ঠীর সভাপতি ওস্তাদ জান্নাতুল ইসলাম কবীরের সভাপতিত্বে অনুষ্ঠিত কবি নজরুলের জীবনীর উপর আলোচনা সভায় অংশ নেন সৈয়দপুর সরকারি কারিগরী স্কুল অ্যান্ড কলেজের অধ্যক্ষ ড. আমির আলী আজাদ, সাপ্তাহিক জনসমস্যা সম্পাদক শওকত হায়াত শাহ, মুক্তিযোদ্ধা নূরুজ্জামান জোয়ার্দার, লায়ন্স স্কুল অ্যান্ড কলেজের উপাধ্যক্ষ নজরুল ইসলাম কিশোর, সাংবাদিক এমআর আলম ঝন্টু প্রমুখ। অলোচনা শেষে নজরুলগীতি পরিবেশন করেন সৈয়দপুর শিল্পী গোষ্ঠীর শিল্পী শেখ রোবায়তুর রহমান, তাজুল ইসলাম তাজ, সুফিয়া রহমান শিল্পী, অর্পিতা গোস্বামী, বেনতুন শান বেনু, উম্মে সালমা টফি প্রমুখ।