বলিউড বাদশাহ শাহরুখ খান ফ্রান্সের সর্বোচ্চ সম্মাননা ‘নাইট অব দ্য লিজিওন অব অনার’ হিসেবে ভূষিত হলেন। ফ্রান্সের পররাষ্ট্রমন্ত্রী লরা ফবিয়া ও প্রেসিডেন্ট ফ্রাসোয়া ওলাদ অনুষ্ঠানটিতে যোগ দেন এবং শাহরুখকে এই সম্মাননা প্রদান করেন। অভিনয়ের মাধ্যমে বৈশ্বিক বিনোদনে প্রশংসিত অবদানের স্বীকৃতি স্বরূপ এই সম্মানে ভূষিত করা হয় ৪৮ বছর বয়সী এই অভিনেতাকে। ফ্রান্সের পররাষ্ট্রমন্ত্রী ও প্রেসিডেন্টকে ধন্যবাদ জানান শাহরুখ। শাহরুখ বলেন, ‘সম্মান পেয়ে আমি ভীষণ আবেগপ্রবণ হয়ে পড়ি। সেদিন আমার মায়ের জন্মদিন ছিল। মা বেঁচে থাকলে অনেক খুশি হতেন। আমি খুব গর্বিত। এই সম্মানটি আমাদের ইন্ডিয়ান ছবিকে সম্মানের উচ্চ শিখরে নিয়ে যাওয়ার শক্তির যোগান দিল। ফ্রান্সকে ধন্যবাদ।’ শাহরুখ খান বলিউডের দ্বিতীয় তারকা যে এই সম্মানে ভূষিত হলেন। এর আগে অমিতাভ বচ্চন এই সম্মানে ভূষিত হয়েছিলেন।
