নাটকটা পেশা, সিনেমাটা নেশা :শাহীন কবির টুটুল

আপডেট : ০২ জুলাই ২০১৪, ২১:০০
ঈদকে ঘিরে ব্যস্ত এখন শোবিজ অঙ্গন। অভিনেতা-অভিনেত্রী থেকে শুরু করে ব্যস্ত নির্মাতারও। সেই ব্যস্ততার রেশ রয়েছে নির্মাতা শাহিন কবির টুটুলের মাঝেও। বিশেষ উত্সবকে কেন্দ্র করে এশিয়ান টিভির জন্য নির্মাণ করেছেন সাত পর্বের ধারাবাহিক নাটক। তাছাড়া চ্যানেল নাইন ও দেশ টিভির জন্য নির্মাণ করছেন একটি করে এক ঘণ্টার নাটক ও একটি টেলিফিল্ম। নাটকগুলোর নাম এখনও চূড়ান্ত করা হয়নি। তার দ্বিতীয় চলচ্চিত্র ‘গোল্লাছুট’ নিয়ে ব্যস্ততার কারণে আর কোনো নাটক নির্মাণে হাত দিচ্ছেন না তিনি। এখন ছবিটির গান ও চিত্রনাট্য নিয়ে কাজ চলছে। ছবির সংগীত পরিচালনায় আছেন আহমেদ ইমতিয়াজ বুলবুলসহ একাধিক তরুণ সংগীত পরিচালক। ঈদের পরই এফডিসিতে ছবির মহরত অনুষ্ঠিত হবে। তবে ছবিতে কারা অভিনয় করছেন এই বিষয়ে এখনই কিছু বলতে চাচ্ছেন না নির্মাতা। এ বিষয়ে এক চমক আছে বলে জানান টুটুল। নাটক বা চলচ্চিত্র নির্মাণে তার স্বাচ্ছন্দ্যবোধের কথা জানতে চাইলে টুটুল বলেন, ‘নাটক বা বিজ্ঞাপন আমার পেশা সিনেমা এখন আমার কাছে নেশা। চলচ্চিত্রের ব্যাপারেও বাণিজ্যিক চিন্তা থাকলেও এটা আসলে সার্বজনীন টিকে থাকার জন্য করা।’