স্বপ্ন দেখলেও বাস্তববাদী দেশম

আপডেট : ০২ জুলাই ২০১৪, ২১:৫৩
ফ্রান্স-জার্মানি কোয়ার্টার ফাইনালে মুখোমুখি হওয়ার আগেই হেভিওয়েট লড়াইটি উত্তাপ ছড়াচ্ছে। ব্রাজিলের ঐতিহাসিক মারাকানায় আগামীকাল শুক্রবার অনুষ্ঠেয় এই লড়াইয়ের প্রাক্কালে আশাবাদী ফ্রান্স কোচ দিদিয়ের দেশম। যদিও বাস্তবতা বিবর্জিত কোনো স্বপ্ন দেখছেন না। কোচ দেশম তিনি, ‘আমি বাস্তববাদী। আমার খেলোয়াড়দের মতোই আমার টার্গেট শুক্রবারের ম্যাচের দিকে। আর এই বাস্তবতাটা হলো আমরা শুক্রবার জার্মানির মুখোমুখি হচ্ছি। সবার মতো আমিও স্বপ্ন দেখি। কিন্তু একই সঙ্গে আমি বাস্তববাদীও। শুক্রবারই এর হিসাব দেখা যাবে।’ গত বিশ্বকাপের গ্রুপ পর্ব থেকে বাদ পড়লেও ১৯৯৮ সালের বিশ্বকাপ জয়ী অধিনায়কের তত্ত্বাবধানে এবারের আসরে দুর্দান্ত পারফরম্যান্স দেখাচ্ছে ফ্রান্স। ব্রাসিলিয়ায় শেষ ষোলর লড়াইয়ে সোমবার নাইজেরিয়াকে ২-০ গোলে হারিয়ে কোয়ার্টার ফাইনাল নিশ্চিত করে তারা। বিশ্বকাপ এবং ২০০০ সালে ইউরো জয়ী দেশম জার্মানির সামনে ফ্রান্সকে ফেভারিট ভাবছেন না। তবে জানালেন, নিছক ‘ট্যুরিস্ট’ হিসেবে মারাকানায় যাচ্ছে না তার দল, ‘আমরা যা পেয়েছি তা দেয়ার জন্যই আমরা এখানে (মারাকানায়) যাচ্ছি। শুধু মাত্র ট্যুরিস্ট হিসেবেই আমরা এখানে যাবো না।’ এবারের বিশ্বকাপের শুরু থেকেই নৈপুণ্য দেখিয়েছে ফ্রান্স। গ্রুপ ‘ই’র চ্যাম্পিয়ন হিসেবে শেষ ষোল নিশ্চিত করে তারা। শেষ ষোলতেও জয়রথ ধরে রেখেছে ইউরোপের এই প্রতিনিধি দেশ। দলের উন্নতির কথা উল্লেখ করে দেশম বলেছেন, ‘আমরা আমাদের বিশ্বকাপে কোনো তালগোল পাকায়নি। দলের পারফরম্যান্সে আমি গর্বিত। এই সাফল্য খেলোয়াড়রা প্রাপ্য। তাদের (খেলোয়াড়দের) সঙ্গে মেশা, তাদের পরিচালনা করা এবং তাদের সঙ্গে থাকা আমার এবং আমার স্টাফদের জন্য অনেক আনন্দের।’ তারুণ্যনির্ভর এই ফ্রান্স দলের আরও উন্নতি করার জায়গা আছে বলে মনে করেন দেশম। তিনি বলেন, ‘আমাদের আরও উন্নতি করার জায়গা আছে। এই দলটি তরুণ। সবকিছু ভালোভাবে চলছেও বিভিন্ন দিকে উন্নতি করার সুযোগ আছে। টেকনিক্যাল ব্যাপারে পারস্পরিক বিনিময় এবং নড়াচড়ার জটিলতার ক্ষেত্রে আরও উন্নতি করা যায়। রক্ষণভাগ নিয়ে কাজ করা যেতে পারে। কিন্তু আক্রমণভাগ বেশি জটিল। তাই এটা সঠিক অবস্থানে আনতে আরও সময়ের প্রয়োজন।’