ইসলামী ব ই প রি চি তি

আপডেট : ০৩ জুলাই ২০১৪, ২০:০৮
নাম: কুরআন ও হাদিসের আলোকে নামায লেখক: আব্দুল হাফিজ খান প্রকাশক: নাইমা খান চৌধুরী সম্পাদক: আব্দুল হাই খান (ভিওএ) প্রকাশকাল: ১৯১২ বিনিময়: ২৭০ টাকা। রসূল (স.) আল্লাহ সুবহানাহু ওয়াতায়ালার দিদার লাভে শবে মেরাজে যান। সেখানে আল্লাহপাকের কাছ থেকে মুসলমানদের জন্য পাঁচ ওয়াক্ত নামাজ নিয়ে আসেন। সেই থেকে পাঁচ ওয়াক্ত নামাজ চলে আসছে। মসজিদে ইমামের সাথে জামাতে নামাজ আদায় করা উত্তম কাজ। ঘরেও আপনি নামায আদায় করতে পারেন। কিন্তু পবিত্র কুরআন ও হাদিসের আলোকে নামায হতে হবে সঠিক। এজন্যে শিক্ষকও প্রয়োজন রয়েছে। মানুষ শিক্ষা গ্রহণ করে নিজের জন্য, নিজের জীবনের ও সমাজের জন্য। শিক্ষা মানুষকে মনুষ্যত্বের পথ দেখায়, মানুষকে উন্নতির শিখরে নিয়ে যায়। তাইতো বলা হয় যে জাতি যত শিক্ষিত, সে জাতি তত উন্নত। আমাদের পারিবারিক সামাজিক জীবন গঠনে গুণগত শিক্ষা আজ প্রয়োজন বেশী হয়ে পড়েছে সেজন্যে আগে দরকার নতুন প্রজন্মের দীনি শিক্ষা। প্রিয়নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লা-হু আলাইহি ওয়া সাল্লাম নামাযকে দীনের মজবুত খুঁটি হিসেবে দাঁড় করিয়েছেন, তিনি আমাদের যথাযথভাবে নামাজ আদায়ের পদ্ধতি শিক্ষা দিয়েছেন। আল্লাহ তা’আলা পবিত্র কুরআনে বলেছেন, নিশ্চয়ই নামাজ মুসলমানদের জন্য ফরয তার নির্ধারিত (পাঁচ) ওয়াক্তে” (সূরা নিসা, আয়াত-১০৩)। “কুরআন ও হাদিসের আলোকে নামায” গ্রন্থটির লেখক মরহুম আব্দুল-হাফিজ খান ছিলেন বিজ্ঞানের ছাত্র। পেশায় উকিল। তিনি চিকিত্সা বিজ্ঞানে প্রচুর পড়াশোনা করেছেন। তাই তিনি নামাজের সঠিক নিয়ম-কানুনগুলো এবং মহিলাদের পবিত্রতার দিকটি অত্যন্ত সহজ-সরল ও নিখুঁত ভাষায় উপস্থাপন করেছেন। এই গ্রন্থটি লেখক রচনা করেছেন আজ থেকে ৫০/৬০ বছর আগে। তাঁর সুযোগ্য সন্তান আব্দুল হাই খান এই বইটি সম্পাদনা করে বলেছেন, আমার শ্রদ্ধেয় পিতা মরহুম আব্দুল হাফিজ খান আমাদের পরিবারের সদস্যদের জন্যে নামাযের মাসাইলের এক সম্ভার তৈরী করেন, যা ফিকাহ শাস্ত্রের এক নির্ভরযোগ্য ফতোওয়ার কিতাবসমূহ থেকে বাছাইকৃত। এতে লেখক নামাযের বিভিন্ন বিষয়াবলী সার্বিকভাবে তুলে ধরেছেন। গ্রন্থটি পড়ে নামাযী মুসলমান নর-নারী নামায সম্পর্কে শিক্ষা লাভ করবেন। আমরা গ্রন্থটির বহুল প্রচার প্রত্যাশা করছি। মিয়া সালাহউদ্দিন