মেসিকে রুখতে চায় বেলজিয়াম

আপডেট : ০৩ জুলাই ২০১৪, ২১:৪৫
আর্জেন্টাইন তারকা লিওনেল মেসিকে কোয়ার্টার ফাইনালে আটকে দেয়ার ব্যাপারে দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেছেন বেলজিয়ামের আক্রমণভাগের খেলোয়াড় এডিন হ্যাজার্ড। তারকা মেসিকে আটকে দিয়ে বিশ্বকাপে দলকে আরও সামনে এগিয়ে নেয়ার রাস্তা সুগম করতে চায় তারা। ব্রাজিল বিশ্বকাপে প্রত্যেকবারই মেসির ওপর নির্ভর করতে হচ্ছে আর্জেন্টিনাকে। আস্থার জবাবও দিচ্ছেন ২৭ বছর বয়সী এই স্ট্রাইকার। এখন পর্যন্ত আর্জেন্টিনার চারটি ম্যাচের সবক’টিতেই ‘ম্যান অব দ্য ম্যাচ’ নির্বাচিত হয়েছেন তিনি। যদিও মেসির ওপর অতিরিক্ত নির্ভরশীলতার জন্য সমালোচনাও শুনছেন কোচ আলেসান্দ্রো সাবেলা। ব্রাসিলিয়ায় এস্টেডিও ন্যাশিওনাল মানে গ্যারিঞ্চায় শনিবার কোয়ার্টার ফাইনালে আর্জেন্টিনা বেলজিয়ামের মুখোমুখি হবে। বরাবরের মতো সেমিফাইনাল নিশ্চিত করার ওই লড়াইয়েও মেসির ওপরই ভরসা রাখতে হচ্ছে দু’বারের চ্যাম্পিয়নদের। শেষ চারের টিকিট নিশ্চিত করতে কোয়ার্টার ফাইনালে মেসিকে আটকে দেয়ার ব্যাপারে হ্যাজার্ড বলেন, ‘আমরা জানি পৃথিবীর সবচেয়ে সেরা খেলোয়াড়টি এই দলে আছে। কিন্তু তাতে আমরা ভীত নই। তাদের বিপক্ষে আমরা জিততে পারি। আর্জেন্টিনা অনেক ভাল খেলেছে। তাদের দলে এমন একজন বড় মাপের খেলোয়াড় রয়েছে যে কি-না প্রত্যেক ম্যাচেই পার্থক্য করে দিতে পারে। তাকে থামিয়ে দিতে পারলে আমরা একটি সুযোগ পাবো। যদিও তাকে আটকানো সহজ হবে না।’ মেসি সম্পর্কে চেলসি স্ট্রাইকার হ্যাজার্ড আরও বলেছেন, ‘আমার কাছে সে পৃথিবীর সেরা খেলোয়াড়। আমি জানি না আমরা তাকে আটকে দিতে পারবো কি-না। আমরা ভিডিও দেখবো এবং ম্যাচটি জিততে চাইবো। তাদের দলে অ্যাঞ্জেল ডি মারিয়ার মতো খেলোয়াড়ও রয়েছে। কিন্তু পার্থক্য গড়ে দেয়ার মতো খেলোয়াড় মেসিই।’ এর আগে ১৯৮৬ সালের বিশ্বকাপে তৃতীয় স্থান নির্ধারণী ম্যাচ খেলেছিল বেলজিয়াম। তবে এবারের দলটি ওই আসরের মতো বা চেয়ে বেশি উদ্যমী বলে মনে করেন হ্যাজার্ড, ‘বিশ্বকাপে আমরা এখন পর্যন্ত চারটি ম্যাচ খেলে সবক’টিতেই জয় পেয়েছি। আসরের অনেক দলই এমনটা দেখাতে পারেনি। আমরা এই জয়ধারা ধরে রাখতে চাই; ইতিহাস গড়তে চাই। ১৯৮৬ সালের দলের সঙ্গে মেলানো একটা উদ্দেশ্য হতে পারে। এটা অসম্ভব কিছু নয়। এর জন্য লড়াই করতে হবে। আমাদের অবশ্যই আর্জেন্টিনার বিপক্ষে জিততে হবে।’ দল ভাল করলেও বিশ্বকাপে এখনো আশানুরূপ পারফরম্যান্স দেখাতে পারেননি হ্যাজার্ড। চারটি ম্যাচ খেলেও কোনো সাফল্য পাননি তিনি। বিশ্বের সেরা এই টুর্নামেন্টে নিজেকে এখনো মেলে ধরতে না পারলেও হতাশ নন ২৩ বছর বয়সী এই অ্যাটাকিং মিডফিল্ডার। তবে নিজের পারফরম্যান্স নিয়ে হতাশ নন হ্যাজার্ড। এ নিয়ে কোনো চাপও অনুভব করছেন না বলে জানালেন তিনি। দলও কোনো চাপ অনুভব করছে না বলে জানিয়েছেন ২২ বছর বয়সী এই তরুণ ফুটবলার, ‘আমি মনে করি সমগ্র দলটাই শান্ত আছে। আমরা কোনো ধরনের চাপ অনুভব করছি না। অনুশীলনের সময় যেভাবে খেলি ম্যাচগুলো আমরা সেভাবেই খেলছি। এই কারণেই আমরা এখন কোয়ার্টার ফাইনালে।’ কোয়ার্টার ফাইনালের লড়াইয়ে দু’দলেরই সমান সম্ভাবনা দেখছেন হ্যাজার্ড, ‘আমি মনে করি দু’টি দলই ভাল। ম্যাচটি কেমন হবে এটা আমি জানি না। তবে আমি দুই দলেরই ৫০-৫০ সম্ভাবনা দেখছি। ওদের যেমন মেসি, হিগুয়াইন, লেভেজ্জির মতো খেলোয়াড় আছে; আমাদেরও ভাল মানের ডিফেন্ডার আছে।’