মনে আছে আন্দ্রে এসকোবারের কথা? সেই এসকোবার। কলম্বিয়ার হতভাগ্য ডিফেন্ডার। আত্মঘাতি গোলের কারণে দেশে ফেরার পর যার মৃত্যু হয়েছিল ড্রাগ মাফিয়াদের গুলিতে। ফুটবল তারকা এসকোবারের প্রতি শ্রদ্ধা জানিয়ে আজ ব্রাজিলকে মোকাবেলা করবে কলম্বিয়া। বিশ্বকাপ ফুটবলের ইতিহাসে এবারই প্রথম কলম্বিয়া সেমিফাইনালে খেলছে। এসকোবারের উত্তরসূরীরা তার স্বপ্ন পূরণ করেছে। একটা ভুলের কারণে যার মৃত্যু হয়েছিল। ফুটবলের জন্য যিনি জীবন দিয়ে গেছেন। কলম্বিয়ান ফুটবলাররা আসন্ন খেলাটির প্রাক্কালেও যাকে শ্রদ্ধায় স্মরণ করছেন। কলম্বিয়রা প্রথম কোয়ার্টার ফাইনালে স্বাগতিকদের বিরুদ্ধে খেলতে যাচ্ছে। তাই ভয় তো থাকতেই পারে। তারপরও ভয়কে জয় করার মানসিক প্রস্তুতি নিচ্ছেন কলম্বিয়ার ফুটবলাররা। দেশকে অনেক দূর এগিয়ে নিয়ে যাওয়ার প্রত্যয় নিয়ে এখন কলম্বিয়া ফোর্তেলোজা শহরে। সবার কাছে একটাই ধ্যান, প্রতিপক্ষকে উড়িয়ে দাও। এসকোবারের স্মৃতি সামনে রেখে মাঠে ঝাঁপিয়ে পড়ো। এসকোবারকে শুধু কলম্বিয়ানরাই স্মরণ করেননি। ফিফা স্বয়ং এসকোবারের পরিবারকে স্মরণ করেছে। এসকোবারের প্রতি শ্রদ্ধা জানিয়ে বিশ্বকাপ ফুটবলের উদ্বোধনী অনুষ্ঠানে তার পরিবারকে আমন্ত্রণ জানায় ব্রাজিল ক্রোয়েশিয়া ম্যাচ দেখার জন্য। কলম্বিয়ান ফুটবল দলে এসকোবারের পরিবারকে নিয়ে যাওয়া হয়েছিল। সেখানে খেলোয়াড়রা সবার সাথে কথা বলেছেন। পরিবারের লোকজন দলের ফুটবলারদের ধন্যবাদ জানিয়েছেন। সেই সাথে কলম্বিয়ান ফুটবলের গৌরব উজ্জ্বল করার প্রেরণা দিয়েছেন বলে জানা গেছে।
১৯৯৪ যুক্তরাষ্ট্রে বিশ্বকাপ ফুটবলে খেলতে গিয়ে কলম্বিয়া যুক্তরাষ্ট্র ম্যাচে বল ঠেকাতে গিয়ে এসকোবার ভুল করে নিজেদের জালে বল ঢুকিয়ে দিয়েছিলেন। বাংলাদেশের অনেক ফুটবল দর্শকই টিভির পর্দায় কলম্বিয়া যুক্তরাষ্ট্র ম্যাচটি দেখেছিলেন। দৃশ্যটা দেখলে মনে হবে স্ট্রাইকার যেভাবে গোল করে এসেকোবার যেন ঠিক সেভাবেই গোল করেন। ডান দিক থেকে আসা যুক্তরাষ্ট্রের জন হার্কোসের মাটি গড়ানো ক্রসের বলটি বাঁ পায়ে ঠেকাতে গিয়ে নিজেদের জালে ঢুকিয়ে দিলেন এসকোবার। আত্মঘাতি গোলের কারণে সেই ম্যাচে কলম্বিয়া ১-২ গোলে যুক্তরাষ্ট্রের কাছে হেরে বিশ্বকাপ থেকে বিদায় নেয়। কারণ প্রথম ম্যাচেই রোমানিয়ার কাছে ৩-১ গোলে হার দিয়ে শুরু হয়েছিল কলম্বিয়ার বিশ্বকাপ মিশন। দ্বিতীয় ম্যাচে যুক্তরাষ্ট্রের কাছে হারলে বিদায় নিশ্চিত হয়। যদিও তৃতীয় ও শেষ ম্যাচে ২-০ গোলে সুইজারল্যান্ডকে হারিয়ে সান্ত্বনার জয় পেয়েছিল কলম্বিয়া।
কলম্বািয়ন ফুটবল দল যুক্তরাষ্ট্র থেকে দেশে ফেরার পাঁচ দিন পর ওই বছরেরই ২ জুলাই গভীর রাতে মেডেলিন শহরে এক নাইট ক্লাবের গাড়ি পার্কিংয়ের স্থানে গুলিতে নিহত হন এসকোবার। সন্ত্রাসীরা ছয়বার গুলি করে তার বুকে। হাসপাতালে নিয়ে যাওয়ার পর মৃত্যুবরণ করেন ২৭ বছর বয়সী তারকা ফুটবলার আন্দ্রেস এসকোবার। সেই ঘটনার ২০ বছর পার হলো বুধবার। এসকোবার যে ইচ্ছে করে দলের ক্ষতি করেননি সেটা জানতেন কোচ। গ্রুপের শেষ ম্যাচে সুইজারল্যান্ডের বিরুদ্ধেও তাকে মাঠে নামানো হয়েছিল।
এসকোবারের খুন হওয়ার পেছনে অনেক কথাই তখন চাউর হয়েছিল। আত্মঘাতি গোলের কারণে কলম্বিয়া বাদ পড়ায় উচ্ছৃংখল সমর্থক গুলি করেছেন। মাদক ব্যবসায়ীরা এসকোবারকে খুন করেছে। বাজিকররা বাজি ধরে হেরে যাওয়ার কারণে এসকোবারকে খুন করেছেন। খুনিকে অবশ্য ৪৭ বছর সাজা দিয়েছিল আদালত। পরে তার ভালো ব্যবহারের কারণে ২০০৫ সালে সাজা কমিয়ে মুক্তি দেয়া হয়।
এত কিছুর মধ্যেও কলম্বিয় ফুটবল অনুরাগীরা এসকোবার সমর্থক আজো।
