কোস্টারিকাকে হালকাভাবে নিচ্ছেন না রোবেন

আপডেট : ০৩ জুলাই ২০১৪, ২১:৪৭
নেদারল্যান্ডসের উইঙ্গার আরিয়েন রোবেন জানিয়েছেন তার দল এবারের বিশ্বকাপ জিততে দৃঢ় সংকল্পবদ্ধ। এর মধ্যদিয়ে চার বছর আগে দক্ষিণ আফ্রিকা বিশ্বকাপের ফাইনালে স্পেনের কাছে হারের হতাশা ঘুচাতে চায় তারা। এবারের আসরে পুরো পথ পারি দিয়ে ট্রফি তুলে ধরতে চায় লুইস ফন গালের দল। নেদারল্যান্ডস শনিবার কোয়ার্টার ফাইনালে কোস্টারিকার মুখোমুখি হবে। টুর্নামেন্টে নেদারল্যান্ডস অন্যতম ফেভারিট দল হলেও কোয়ার্টার ফাইনালে কোস্টারিকাকে খাট করে দেখছেন না রোবেন। ইংল্যান্ড, ইতালি এবং উরুগুয়েকে টপকে ‘মৃত্যুকূপ’ ‘ডি’র চ্যাম্পিয়ন হিসেবে উঠে আসাতেই প্রমাণ মেলে মধ্য আমেরিকার প্রতিনিধিদের। বিষয়টা বায়ার্ন তারকা রোবেনও শিকার করলেন, ‘আমি মনে করি তারা অনেক শক্তিশালী একটি দল। তাদের বিপক্ষে মনোযোগ দিয়েই খেলতে হবে আমাদের। কোস্টারিকা যে ভাল দল, গ্রুপ পর্বে এরই মধ্যে প্রমাণ দিয়েছে। তাদের গ্রুপটা অনেক কঠিন ছিল। এখানে ইতালি, ইংল্যান্ড এবং উরুগুয়ের মতো দল ছিল। সত্যিই তারা নান্দনিক ফুটবল খেলছে। আমরা যদি তাদের হারাতে চাই তাহলে ভাল করেই প্রস্তুতি নিতে হবে।’