পুরো যুক্তরাষ্ট্র জুড়েই এখন চলছে তাদের নতুন সুপার হিরো জাতীয় ফুটবল দলের গোলরক্ষক টিম হাওয়ার্ডকে নিয়ে প্রশংসার ঝড়। বিশ্বকাপের নক-আউট পর্বে বেলজিয়ামের বিপক্ষে হাওয়ার্ডের একক নৈপুণ্যে দুর্দান্ত এক ম্যাচ উপভোগ করেছে পুরো ফুটবল বিশ্ব। যদিও ম্যাচটিতে ২-১ গোলে পরাজিত হয়ে বিদায় নিতে হয়েছে যুক্তরাষ্ট্রকে। কিন্তু বিদায়ের আগে হাওয়ার্ড ব্রাজিলের মাটিতে রেখে গেছেন অসাধারণ এক ম্যাচের স্মৃতি। প্রযুক্তির আধুনিকতায় শুধু যুক্তরাষ্ট্রেই হাওয়ার্ড বন্দনা সীমাবদ্ধ নেই, মার্কিন মুল¬ুক ছাড়িয়ে তা পুরো বিশ্ব জুড়েই বিস্তৃত হয়ে গেছে। বেলজিয়ামের বিপক্ষে ১৬টি নিশ্চিত গোল হজম থেকে দলকে রক্ষা করার পরে ৩৫ বছর বয়সী এই গোলরক্ষককে নিয়ে বাড়তি আলোচনা হওয়াটাই স্বাভাবিক। এই গোলরক্ষক একের পর এক আক্রমণ রক্ষা করেছেন এর সাথে তুলনা করে একজন টুইটার ব্যবহারকারী তার স্ট্যাটাসে লিখেছেন, ‘টিম হাওয়ার্ড যদি আমার বাবা-মায়ের বিচ্ছেদটাকে আটকাতে পারতেন।’ যুক্তরাষ্ট্রের ভাইস প্রেসিডেন্ট জো বাইডেন হাওয়ার্ডের প্রশংসা করে টুইটারে লিখেছেন, এবারের বিশ্বকাপের সবচেয়ে গুরুত্বপূর্ণ খেলোয়াড় হাওয়ার্ড। বেলজিয়ামের অধিনায়ক ভিনসেন্ট কোম্পানি ম্যাচ শেষ হবার মিনিটখানেকের মধ্যে টুইটারে লিখেছেন, ‘দুটি শব্দ...টিম হাওয়ার্ড, শ্রদ্ধা।’ টুইটারে কেউ কেউ আমেরিকান প্রেসিডেন্ট বারাক ওবামার সাথেও তুলনা করে ফেলেছেন তাদের প্রিয় খেলোয়াড়কে।
