অবশেষে মুখ খুললেন প্রীতি জিনতা!

আপডেট : ০৪ জুলাই ২০১৪, ১৯:৩৪
অবশেষে শ্লীলতাহানি নিয়ে মুখ খুললেন প্রীতি জিনতা। প্রাক্তন প্রেমিক শিল্পপতি নেস ওয়াদিয়ার বিরুদ্ধে অভিযোগ করার পেছনে তার অন্য কোনো উদ্দেশ্য ছিল না বলে দাবি করেছেন তিনি। পাশাপাশি বলিউডের এই অভিনেত্রী স্পষ্ট করে জানান, শ্লীলতাহানির অভিযোগ তুলে সস্তা প্রচারও চাননি তিনি। বিভিন্ন মহল থেকে ওঠা নানা প্রশ্নের উত্তর দিতে ২ জুলাই ফেসবুকে দীর্ঘ বিবৃতি দিয়েছেন প্রীতি। নেসের বিরুদ্ধে অভিযোগ ওঠার পর কেউ কেউ তার উদ্দেশ্য নিয়ে প্রশ্ন তোলেন। এ ছাড়াও একান্ত ব্যক্তিগত বিষয় নিয়ে হঠাত্ পুলিশের কাছে অভিযোগ জানাতে গেলেন কেন, কোনো কোনো মহল থেকে এমনও প্রশ্ন উঠেছে। এসব নিয়ে হতাশ ও বিস্মিত তিনি। ৩৯ বছর বয়সী এই অভিনেত্রী বলেন, ‘২০০৯ সালে আমি নিজেই নেসের সঙ্গে সম্পর্কচ্ছেদ করেছি। কোনো ব্যক্তিগত বিষয় নিয়ে কখনও পুলিশের কাছে গিয়েছি বলে আমার মনে পড়ে না। এরপর কেটে গেছে পাঁচ বছর। এতটা সময় পর এমন অপ্রীতিকর ঘটনা কখনও ব্যক্তিগত হতে পারে না।’ অনেকের ধারণা, টাকার লোভেই নেসের বিরুদ্ধে মামলা ঠুকেছেন প্রীতি। এর প্রতিবাদে তিনি জানিয়েছেন, ‘কৌন বনেগা ক্রোড়পতি’ থেকে জেতা অর্থ ওয়াদিয়া চিল্ড্রেন ট্রাস্টকে দান করেছিলেন তিনি। তার ভাষ্য, ‘গোড়া থেকেই আইপিএলে দল কেনা আমার পরিকল্পনা, আমার প্রকল্প। আইপিএলের চুক্তির সময় আমি নিজেও যেমন পাঁচ কোটি রুপি নিয়েছিলাম, একইভাবে নেসকেও পাঁচ কোটি রুপি দিয়েছি। এই আর্থিক-প্রতিশ্রুতি-চুক্তির প্রমাণ আছে বিসিসিআইয়ের কাছে। নেসও কয়েক মাস বাদে প্রিমিয়াম ছাড়াই ওই টাকা ফেরত দিয়েছিল আমাকে। অতএব, টাকাকড়ি নিয়ে ঝামেলার প্রশ্ন নেই।’