চ্যানেলগুলো ৫ মিনিট নাটক আর ১০ মিনিট বিজ্ঞাপন প্রচার করে

আপডেট : ০৪ জুলাই ২০১৪, ১৯:৩৬
রোকেয়া প্রাচী। অভিনয়ে নিজেকে প্রমাণ করেছেন অনেক আগেই। এবারে শুরু করলেন পরিচালনা। নিজের নির্দেশনায় আরটিভিতে শুরু হয়েছে নতুন ধারাবাহিক। এই দেশীয় চ্যানেল থেকে মুখ ফেরানোর অভিযোগের ভেতরে তিনি কতটা দর্শক পাবেন তা নিয়ে কথা বলেছেন, পাশাপাশি বলেছেন নিজের সাম্প্রতিক কাজ নিয়ে। সাক্ষাত্কার নিয়েছেন মোস্তাফিজ মিঠু আপনার ভিন্ন ধারার ধারাবাহিক নাটক প্রসঙ্গে বলুন? নতুন ধারাবাহিক নাটকটির নাম ‘সেলাই পরিবার’। নাটকটি আমাদের পোশাক শিল্পকে কেন্দ্র করে নির্মিত। আমাদের দেশকে এগিয়ে নিয়ে যেতে পোশাক শ্রমিকদের ভূমিকা অতুলনীয়। আমি চেষ্টা করেছি তাদের জীবন যাত্রাকে মানুষের মাঝে তুলে ধরতে। আমরা যখন শুটিং করেছি তারা আমাদের অনেক হেল্প করেছে। আমরা সবাই তো আর গার্মেন্টসের মেশিন সম্পর্কে জানি না, সেখানে কাজের পরিবেশটাকে তুলে আনতে তাদের সহযোগিতার কমতি ছিল না। তাদের জীবনের বিভিন্ন রঙগুলোকে পর্দায় তুলে আনতে চেয়েছি। পরিচালনার পাশাপাশি অভিনয়ে কতটা নিয়মিত আছেন? অভিনয় তো আমার হূদয়ের অংশ। সেটা আমি নিয়মিতই করছি। যেহেতু পরিচালনা করছি তাই সেই দিকে তো একটু সময় আর মনোযোগ দিতেই হচ্ছে। যেই কাজটাই যখন করি নিজের মনোযোগটা সেদিকেই রাখতে চেষ্টা করি। তবে অভিনয় থেকে সরে যাব না। কারণ অভিনয়ের প্রতি আমি খুব দুর্বল। বড়পর্দার সাম্প্রতি কাজ করার সময় কতটা পাচ্ছেন? নিয়মিতই তো করছি। আমি অভিনয় করি ভালোবাসা থেকে। আর বড়পর্দাও তো অভিনয় করারই একটা জায়গা। নিজের ভালোবাসার জায়গাটায় ঠিক থাকলে সব কাজ নিয়ে এগিয়ে যাওয়া খুব কঠিন বিষয় না। আর এই বছরে আমার তিনটি ছবি মুক্তি পাবে। ‘হরিজন’, ‘গানওয়ালা’ ও ‘চিঠি আসে’। ঈদকে কেন্দ্র করে কী কী কাজ করছেন? দুুটি নাটক ইতোমধ্যে চ্যানেলে জমা দিয়েছি। এছাড়া তেমন কোনো কাজে এখনও হাত দেয়নি। নাটক করব। আর চ্যানেলগুলোতে হয়তো বিশেষ কোনো উপস্থাপনা করতে পারি। এখনও কোনো কিছু চূড়ান্ত হয়নি। বিশ্বকাপের আসরে আপনি কতটা মেতে আছেন? পুরোই মেতে আছি। আমি ব্রাজিল সাপোর্ট করি। চিলির সাথে ম্যাচটি দেখে হার্ট বিট বেড়ে গিয়েছিল। তবে শেষ পর্যন্ত ব্রাজিলের জয় পেল। আমি আসলে নিজের দলের অন্ধ ভক্ত। তাদের দোষগুলো আমার খুব একটা চোখে পড়ে না। আমি বরাবরই বিশ্বাস করি যে, এবার ব্রাজিলই বিশ্বকাপ নেবে। এখন নাকি অধিকাংশ দর্শকেরা ভারতীয় সিরিয়ালমুখী। আপনাদের নাটকে কীভাবে এই দর্শকদের ফেরাবেন? আমি পুরোপুরি ইতিবাচক। কারণ নাটক যদি ভালো না হতো তবে তো চ্যানেলগুলো শুধু তা কিনত না। আর দর্শক যদি একেবারই না থাকত তবে তো কেউ আর নাটক বানাত না। তবে হ্যাঁ, দর্শকরা হিন্দি সিরিয়ালের দিকে ঝুঁকছে। তা কিন্তু নির্মাতাদের জন্য না। চ্যানেলগুলো ৫ মিনিট নাটক দেখায় ১০ মিনিট বিজ্ঞাপন প্রচার করে। আমাদের চ্যানেলগুলো পরিকল্পনার অভাব আমি বলব, তারা শুধু নিজেদের ব্যবসায়িক দিকটাই চিন্তা করে যায়।