ঈদে একাধিক নাটক নিয়ে ডিএ তায়েব

আপডেট : ০৪ জুলাই ২০১৪, ১৯:৩৬
ঈদকে সামনে রেখে এখন পুরোদমে ব্যস্ত অভিনেতা ডিএ তায়েব। এই ঈদে প্রায় হাফ ডজন নাটক নিয়ে দর্শকদের সামনে আসছেন তিনি। ইতোমধ্যে বেশ কয়েকটি নাটকের শুটিং শেষ হয়ে চ্যানেলও নির্ধারিত হয়ে গেছে। নাটকগুলো হলো এসএ টিভিতে ‘দেবদাস’, এশিয়ান টিভিতে ‘পিঞ্জর’, আরটিভিতে ‘ফান্দে পরিয়া বগা কান্দে’, চ্যানেল আইতে ‘মুখোমুখি’। এছাড়া এটিএন বাংলায় জাহিদ হাসানের পরিচালনায় ছয় পর্বের ধারাবাহিক নাটক ‘শান্তির পথে’-এ অভিনয় করেছেন তিনি। তাছাড়া চলতি সময়ে বিভিন্ন চ্যানেলে চলছে তার বেশ কয়েকটি নাটক। অভিনয়ের পাশাপাশি একজন নবীন নির্মাতা ডিএ তায়েব। আর টিভিতে প্রতি বৃহস্পতিবার প্রচারিত হয় তার এক ঘণ্টার ধারাবাহিক নাটক ‘অনাকাঙ্ক্ষিত সত্য’। এ প্রসঙ্গে তায়েব বলেন, ‘নাটকটি মূলত সত্য ঘটনাকে কেন্দ্র করে নির্মিত। প্রতিবার একটি ঘটনা থাকে। পরিচালনায় আসা মূলত অনুপ্রেরণা থেকে। আশিক মনির আমাকে অনুপ্রেরণা দেবার অন্যতম একজন।’ খুব শীঘ্রই তায়েবকে দেখা মিলবে বড় পর্দায়ও। ইফতেখার চৌধুরী পরিচালিত ‘গুম ও খুন’ ছবিতে দেখা যাবে এই অভিনেতাকে। তায়েব ছাড়াও এ ছবিতে থাকবেন ববি, নিরব, ইমনসহ অনেকে। ঈদের পরপর ছবির শুটিং শুরু হবে বলে জানান তায়েব।