ধর্ম বইয়ের পাতায় ঔষুধ বিক্রির ঘটনাকে কেন্দ্র করে পাকিস্তানে তোলপাড় শুরু হয়েছে। ইসলাম ধর্মের বাণী সম্বলিত একটি কাগজে মুড়িয়ে ওষুধ বিক্রির অভিযোগে গত সোমবার এক হিন্দু চিকিৎসককে গ্রেপ্তার করেছে দেশটির পুলিশ।এছাড়া ওই চিকিৎসকের ক্লিনিকসহ চারটি স্থানীয় দোকান লুট করার পর সেখানে অগ্নি সংযোগের খবর পাওয়া গেছে। খবর বিবিসির।
পাকিস্তানের দক্ষিণ-পূর্বাঞ্চলে সিন্ধু প্রদেশে এই ঘটনা ঘটেছে।
প্রতিবেদনে বলা হয়েছে, রমেশ কুমার নামে ওই হিন্দু চিকিৎসকের বিরুদ্ধে অভিযোগ, তিনি ইসলাম ধর্মের বাণী সম্বলিত একটি কাগজে মুড়িয়ে রোগীর কাছে ওষুধ বিক্রি করেছিলেন।
রমেশ জানান, তিনি যে কাগজটি ব্যবহার করেছিলেন, সেটি স্কুলের ইসলাম শিক্ষা বইয়ের একটি কাগজ ছিল। এছাড়া রমেশ ওষুধ মোড়ানোর কাজে কাগজটি ব্যবহার করা তার ভুল হয়েছে বলেও স্বীকার করেছেন।
জানা যায়, স্কুলের ইসলাম শিক্ষা বইয়ের একটি পাতা দিয়ে মুড়িয়ে একজন গ্রাহককে তার গবাদি পশুর জন্য ওষুধ দেন রমেশ। কিন্তু ওই গ্রাহক ধর্মীয় লেখা দেখে সে প্যাকেটটি নিয়ে স্থানীয় ধর্মীয় নেতার কাছে গেলে তিনি পুলিশকে খবর দেন।
রাজনৈতিক দল জামিয়াত উলেমা-এ-ইসলামী'র একজন স্থানীয় নেতা নেতা হাফিজ-উর-রেহমান বলেন, চিকিৎসক এই কাজটি ইচ্ছা করে করেছে।
ধর্মীয় অনুভূতিতে আঘাত করা এবং কোরআন অবমাননার দায়ে রমেশের বিরুদ্ধে অভিযোগ দায়ের করা হয়, যা প্রমাণিত হলে তার যাবজ্জীবন কারাদণ্ডও হতে পারে।
আরো পড়ুন: ‘সৌজন্য রক্ষা করব’, মোদির শপথ অনুষ্ঠানে যাচ্ছেন মমতা
মিরপুর খাস এলাকার পুলিশ কর্মকর্তা জাভেদ ইকবাল বিবিসিকে বলেছেন, যারা দোকানে আগুন দেয়া এবং লুটের সাথে জড়িত ছিলেন তাদের গ্রেপ্তার করা হবে।
ইত্তেফাক/এসআর
