শোকাচ্ছন্ন আর্জেন্টিনা

আপডেট : ০৪ জুলাই ২০১৪, ১৯:৩৮
বিশ্বকাপে এসেছিলেন নিজের দেশের সংবাদ সংগ্রহ করতে। কিন্তু বিশ্বকাপের মাঝপথে এসে নিজেই শিরোনামে চলে আসলেন মারিয়া সোলেদাদ ফার্নান্দেজ। আর্জেন্টিনার বিখ্যাত সাংবাদিক মিগুয়েল ‘তিতি’ ফার্নান্দেজের মেয়ে তিনি। সাও পাওলো থেকে বেলো হরিজন্তেতে ফেরার পথে এক সড়ক দুর্ঘটনায় মারা যান ২৬ বছর বয়সী মারিয়া। ওই দুর্ঘটনায় আরো দু’জন আহত হয়েছেন। স্বদেশী এই টিভি সাংবাদিকের মৃত্যুতে শোকাহত আর্জেন্টিনা দলের সব খেলোয়াড়। এ কারণে বুধবারের সূচিতে থাকা একটি সংবাদ সম্মেলন বাতিল করেছে তারা। গত মঙ্গলবার সাও পাওলোর আরেনা দে সাও পাওলোয় সুইজারল্যান্ডকে ১-০ গোলে হারিয়ে টুর্নামেন্টের কোয়ার্টার-ফাইনালে ওঠে আর্জেন্টিনা। আর্জেন্টিনা ফুটবল অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক হুয়ান কার্লোস ক্রেসপি জানান, ‘তাকে আমরা সবাই খুব পছন্দ করতাম। গণমাধ্যমের কর্মীদের কাছে আমি প্রেস কনফারেন্স না আয়োজনের জন্য বিশেষভাবে ক্ষমা চেয়ে নিচ্ছি। আসলে ওর জন্য খেলোয়াড়রা বেশ কষ্ট পেয়েছে। ও আমার কাছেও ছিল নিজের সন্তানের মত।’ মারিয়ার মৃত্যুতে দলের কর্মকর্তা এবং আর্জেন্টিনার সাংবাদিকরা এক মিনিটের নীরবতা পালন করেন, এ সময় তাদের অনেকের চোখেই পানি ছিল। নিহত এই সাংবাদিক কাজ করতেন আর্জেন্টিনার ডিরেক টিভি স্পোর্টসে। আগামী শনিবার ব্রাজিলিয়ায় সেমি-ফাইনালে ওঠার লড়াইয়ে বেলজিয়ামের বিপক্ষে খেলবে আর্জেন্টিনা।