ব্রাজিলে ফ্লাইওভার ধসে নিহত ২ আহত ২২

আপডেট : ০৪ জুলাই ২০১৪, ২০:১৬
ব্রাজিলের অন্যতম বিশ্বকাপ আয়োজক শহর বেলো হরিজন্তে একটি ফ্লাইওভার ধসে ২ জন নিহত হয়েছেন। এ ঘটনায় আরো ২২ জন আহত হয়েছেন। বৃহস্পতিবার ব্যস্ত সড়কে চলন্ত গাড়ির ওপর নির্মাণাধীন ফ্লাইওভারটি ধসে পড়ে। এলাকাটি বিশ্বকাপ ভেন্যু স্তাদিও মিনেইরাও স্টেডিয়াম থেকে ৩ কিলোমিটার দূরে। ধসে পড়া কংক্রিট ও স্টিলের ওই স্থাপনাটির নিচে একটি যাত্রীবাহী বাসের সামনের অংশ, দু’টি লরি ও একটি প্রাইভেট কার চাপা পড়ে। বেলো হরিজন্তে যে রাজ্যের প্রধান শহর সেই মিনাস গেরাইসের স্বাস্থ্য বিভাগ জানিয়েছে, চাপা পড়া বাসটির চালক ও অপর একজন নিহত হয়েছেন এবং ২২ জন আহত হয়েছেন। আগামী সপ্তাহে মিনেইরাও স্টেডিয়ামে বিশ্বকাপের সেমি-ফাইনাল খেলা অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। কর্তৃপক্ষ জানিয়েছেন, কংক্রিটের নিচে চাপা পড়া একটি ছোট প্রাইভেট কার এখনো উদ্ধার করা যায়নি এবং গাড়ির ভিতরে কেউ ছিলেন কিনা তা নিশ্চিত হওয়া যায়নি। গাড়িটি উদ্ধার করার চেষ্টা অব্যাহত আছে বলে জানিয়েছেন তারা। এ ঘটনায় গভীর শোক প্রকাশ করে ব্রাজিলের প্রেসিডেন্ট দিলমান রৌসেফ নিহতদের পরিবারের প্রতি সমবেদনা প্রকাশ করেছেন। ঘটনার জন্য দায়ীদের বিচারের মুখোমুখি করার প্রতিশ্রুতি দিয়েছেন তিনি। বেলো হরিজন্তের মেয়র মার্সিও লাকেরদা দুর্ঘটনাস্থল পরিদর্শন করেছেন এবং নিহতদের জন্য তিনদিনের শোক ঘোষণা করেছেন বলে এক বিবৃতিতে জানিয়েছে নগর সরকার। চাপা পড়া বাসের পেছনদিকে বসা এক প্রত্যক্ষদর্শী যাত্রী বলেছেন, “ফ্লাইওভারটি যখন পড়তে দেখলাম, সবচেয়ে খারাপ কিছু ঘটারই আশঙ্কা করছিলাম, উড়াল সড়কটি আমাদের বাসের ছাদে পড়বে বলেই মনে হচ্ছিল।” উড়াল সড়কটি পড়ার পর বিকট শব্দ হয়েছিল এবং মাটি ভূমিকম্পের মতো কেঁপে উঠেছিল বলে জানান অন্য একজন প্রত্যক্ষদর্শী। বিশ্বকাপ উপলক্ষে রবলো হরিজন্তের অবকাঠামো উন্নয়নের লক্ষ্যে উড়াল সড়কটি নির্মাণ করা হচ্ছিল। ব্রাজিল বিশ্বকাপ প্রস্তুতি বিভিন্ন দুর্ঘটনা ও নির্ধারিত তারিখে কাজ শেষ করতে না পরার জন্য সমালোচিত হয়েছে।